কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র বিকল হয় ২০০৫ সালের মে মাসে। এরপর কেটে গেছে ১১ বছর। অচল এক্স-রে যন্ত্র আর সচল হয়নি। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি দেওয়া হলেও কাজ হয়নি।
চিকিৎসকেরা বলেন, এক্স-রে যন্ত্র বিকল থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে এক্স-রে করাতে হচ্ছে।
৫০ শয্যার হাসপাতালটিতে অন্ত ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩৮৫ জন রোগী চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০০ সালের ৭ নভেম্বর হাসপাতালে ৩০০ এমএমের এই এক্স-রে যন্ত্রটি সরবরাহ করে স্বাস্থ্য অধিদপ্তর। সচল করা হয় ২০০২ সালের ২২ আগস্ট। আড়াই বছর ঠিকঠাকমতো চললেও ২০০৫ সালের ৬ মে এক্স-রে যন্ত্রটিতে ত্রুটি দেখা দেয়। এরপর আর মেরামত করা হয়ে ওঠেনি। ২০১২ সালে এক্স-রে যন্ত্র চালানোর টেকনিশিয়ান মো. মোশারফ হোসেনও অন্যত্র বদলি হয়ে যান।
২ ডিসেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন প্রায় ৩০ শতাংশ রোগীকে এক্স-রে করাতে হচ্ছে। এর মধ্যে মাথা ও ঘাড়ের সমস্যা, হাড়ভাঙা, হৃদ্রোগ ও কোমরব্যথার রোগী বেশি।
কথা হয় সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের বাসিন্দা কামরুন্নাহারের (৬৫) সঙ্গে। তিনি পুত্রবধূকে কোমরব্যথার চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পুত্রবধূকে এক্স-রে করাতে বলেন। পরে তাঁরা একটি বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে ৪৫০ টাকায় এক্স-রে করান। অথচ হাসপাতালের এক্স-রে যন্ত্র সচল থাকলে খরচ হতো ২৪০ টাকা।
ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা গ্রামের গৃহবধূ ছেনু আরা বেগম (৩৭) বলেন, ‘পিঠের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হই। কিন্তু এক্স-রে করাতে হয়েছে বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টারে। ওই ডায়াগনস্টিক সেন্টার নানা কৌশলে সাড়ে ৭০০ টাকা হাতিয়ে নিয়েছে।’
এ ব্যাপারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের প্রথম আলোকে বলেন, ‘৫০ লক্ষাধিক টাকায় কেনা সিমেন্স কোম্পানির ৩০০ এমএমের এক্স-রে যন্ত্রটি মেরামত করতে দরকার ২১ লাখ ২ হাজার ৩০০ টাকা। ২০০৮ সালে সিমেন্স কোম্পানির প্রতিনিধিদল সরেজমিনে পরিদর্শন করে মেরামত খরচের এই তালিকা দিয়েছিল। এরপর এক্স-রে যন্ত্রটি মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ২০ বারের বেশি চিঠি দেওয়া হয়েছে কিন্তু মেরামত হয়নি।’
মোহাম্মদ ছাবের আরও জানান, পুরোনো এক্স-রে যন্ত্রটি মেরামত করতে যে পরিমাণ টাকার দরকার, সেই টাকা দিয়ে নতুন ডিজিটাল বা ২০০ এমএমের এক্স-রে যন্ত্র পাওয়া যাবে। ২০০ এমএমের এক্স-রে যন্ত্র সরবরাহ দিতে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াছ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্রও দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, গত ১০ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাছির আরিফ মাহমুদ হাসপাতাল পরিদর্শনে এসে এক্স-রে যন্ত্রটির খোঁজখবর নেন। এ সময় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।