ময়মনসিংহ-জয়দেবপুর রেলপথে চলাচলকারী ডেমু ট্রেনটি গত ১ সেপ্টেম্বর থেকে অচল হয়ে ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেডে পড়ে আছে। এর আগে ২১ জুলাই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।
ময়মনসিংহ লোকোশেডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তাঁরা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ১ সেপ্টেম্বর জয়দেবপুর থেকে ময়মনসিংহে আসার সময় ট্রেনটির যন্ত্রাংশ খুলে পড়ে যায়। এর পর থেকেই ট্রেনটি লোকোশেডে পড়ে আছে। উদ্বোধনের মাত্র ৪০ দিনের মধ্যে ট্রেনটি অচল হয়ে যাওয়ায় এই ট্রেন আমদানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রেলওয়ের একজন কর্মকর্তা।
ময়মনসিংহ লোকোশেডের কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ঢাকার প্রধান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন। তবে তাঁর দেওয়া প্রধান নিয়ন্ত্রণকেন্দ্রের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।