কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিস্থাপনের অভাবে তিন বছর ধরে বাক্সবন্দী হয়ে পড়ে আছে ৪০ কিলোওয়াটের আধুনিক একটি জেনারেটর। ফলে তীব্র লোডশেডিংয়ের মৌসুমে অস্ত্রোপচারসহ অন্যান্য কাজে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসক ও রোগীদের।জেনারেটরটি প্রতিস্থাপনের অনুরোধ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কেন্দ্রীয় ঔষধাগার ও স্বাস্থ্য জনসংখ্যা প্রকৌশল বিভাগে প্রায় এক ডজন চিঠি দিয়েছে; কিন্তু কোনো কাজ হচ্ছে না। অকেজো পড়ে আছে হাসপাতালের একমাত্র এক্স-রে যন্ত্রটিও। আট লাখ ৯৭ হাজার ৯০০ টাকা মূল্যের ৩০০ এমএম ক্ষমতার এ যন্ত্রটি ২০০৭ সালের ১৬ আগস্ট পাঠায় স্বাস্থ্য বিভাগ। এটিও আড়াই বছর ধরে বারান্দায় পড়ে ছিল। পরে কয়েক দফা মেরামতের পর চালু করা হলেও ২০১০ সালের ১৯ ডিসেম্বর এটি আবার বিকল হয়ে যায়। এখনো সচল হয়নি এটি। জানতে চাইলে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের ইন্সট্রুমেন্ট সার্ভিস অ্যান্ড মেইনটেন্যান্স (আইএসএম) শাখার টেকনিশিয়ান (গ্রেড-১) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘এ তথ্য আমাদের জানা ছিল না। কেন এমন হলো, দ্রুত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয় জনগণ জানান, পাশের কিশোরগঞ্জের কুলিয়ারচর, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল, নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলার একাংশের মানুষ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৫০০ থেকে ৬০০ রোগী হয়। অস্ত্রোপচার হয় মাসে ৬০টির মতো। ফলে বেশির ভাগ সময় হাসপাতালের শয্যা পূর্ণ থাকে। স্বাস্থ্য বিভাগ এ চাহিদার কথা বিবেচনা করে ২০০৮ সালের ১৩ জুন তিন লাখ ৫২ হাজার ৮০০ টাকা ব্যয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ৪০ কিলোওয়াটের জেনারেটর কিনে পাঠায়। একই দিন পাঠানো হয় দুই লাখ ৬৩ হাজার টাকা মূল্যের যন্ত্র বিশুদ্ধকরণ অটোক্লেভ। জেনারেটর ও অটোক্লেভের সরবরাহ, প্রতিস্থাপন ও মেরামতকারী প্রতিষ্ঠান হলো ঢাকার কারওয়ান বাজারের হেমা এন্টারপ্রাইজ।হাসপাতাল সূত্র জানায়, হেমা এন্টারপ্রাইজ মাত্র দুই মাস আগে অটোক্লেভ প্রতিস্থাপন করেছে। তবে তারা এখনো জেনারেটর প্রতিস্থাপন করেনি। বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি রয়েছে বলে তারা জানায়।যোগাযোগ করা হলে স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বাস্থ্য বিভাগ হাসপাতালের চাহিদা না নিয়েই নিজেদের ইচ্ছামতো চিকিৎসা উপকরণ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে। ভৈরব হাসপাতালে ১০ কিলোওয়াটের জেনারেটর বরাদ্দ দিলেই চলত।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামাল উদ্দিন বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিশাল খরচে জেনারেটর কিনে রোগীদের সেবায় ব্যবহার করা যাচ্ছে না। বন্ধ আছে এক্স-রে যন্ত্রটিও।’