অচল বিদ্যুৎকেন্দ্র পাঁচ মাসেও সচল হয়নি
বিকল হওয়ার পর পাঁচ মাস পেরিয়ে গেলেও ভোলার গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র সচল করা হয়নি। ফলে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় পাঁচ মাস ধরে শীতকালেও লোডশেডিং ও লো-ভোল্টেজের যন্ত্রণা ভোগ করছেন জেলার ছয়টি উপজেলার বাসিন্দারা।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থার (ওজোপাডিকো) ভোলা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, ২০১৩ সালের ১০ আগস্ট কেন্দ্রটি বিকল হয়। সাত দিন পর বরিশাল ও পটুয়াখালীর ৩৩ কেভি লাইন সংস্কার করে সেখান থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ ভোলায় আনা হয়। ভোলা শহরে ১৬ মেগাওয়াটের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ১০ মেগাওয়াট।
দৌলতখান পাতার খালের মৎস্য ব্যবসায়ী আওলাদ হোসেন, ভোলা সদরের নাছির উদ্দিন, চরফ্যাশন ঢালচরের মাহবুবুর রহমানসহ একাধিক মৎস্য ব্যবসায়ী বলেন, শীতেও প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফলে বরফের চাহিদা বেশি। জেলেরা সাগর মোহনায় মাছ ধরতে যাওয়ার সময় সাত-আট দিনের বরফ নিয়ে যান। লোডশেডিংয়ের কারণে উৎপাদন কম হওয়ায় চড়া মূল্য দিয়ে জেলেদের বরফ কিনতে হচ্ছে।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. সোহরাব আলী বিশ্বাস বলেন, বর্তমানে তাদের ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু তারা পাচ্ছেন ছয় মেগাওয়াট।
বিদ্যুৎকেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকা ভেঞ্চার অ্যানার্জি রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, গত আগস্টে জেনারেটরের কয়েল বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়। এরপর নতুন চারটি ইউনিটে ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য মেশিন এনে স্থাপন করা হয়েছে। এটি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উৎপাদনে যেতে পারবে। আর সাড়ে ৩৪ মেগাওয়াট কেন্দ্রটি মার্চ নাগাদ উৎপাদনে যেতে পারবে।