অচল মিটফোর্ড হাসপাতাল ছাড়ছেন রোগীরা
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল গতকাল বুধবারও ছিল অচল। চিকিৎসাসেবা ও অস্ত্রোপচার বন্ধ থাকায় রোগীরা দেশের দ্বিতীয় বৃহত্তম এই হাসপাতাল ছাড়ছেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে কলেজের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রোগীর রক্ত পরীক্ষা নিয়ে গত সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরোধ হয়। ওই রাতে ও মঙ্গলবার এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, মারধরের ঘটনায় মঙ্গলবারও চিকিৎসাসেবা প্রায় বন্ধ ছিল। ওই ঘটনায় দায়ী কর্মচারীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। ক্লাস বর্জনের ডাক দেন শিক্ষার্থীরা।
শিক্ষানবিশ চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসকেরাও গতকাল কাজ করেননি। কাজে যোগ দেননি কর্মচারীরা, এমনকি পরিচ্ছন্নতাকর্মীরাও। ফলে জরুরিসহ সব ধরনের চিকিৎসাসেবা ও অস্ত্রোপচার বন্ধ ছিল। রোগীদের খাবার ও ওষুধ সরবরাহও ছিল বন্ধ।
গতকাল দুপুরে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগে চিকিৎসক-কর্মচারী নেই। ওয়ার্ডে দু-একজন নার্স দেখা গেছে। চিকিৎসাসেবা না পেয়ে কয়েকজন রোগী কাতরাচ্ছেন। চিকিৎসককে দেখানোর জন্য টিকিট বিক্রির ঘরসহ বহির্বিভাগও বন্ধ ছিল। রোগীদের জন্য রান্না হয় যে ঘরে সেই ঘরেও তালা দেখা গেছে।
রোববার ভর্তি হওয়া সন্তানসম্ভবা শবনম মুশতারিকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। জানতে চাইলে তাঁর এক স্বজন জানান, চিকিৎসা না পেয়ে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার কৃষক হূদেরাগী তাজুল ইসলাম জানান, তিনি দুই দিন ধরে হাসপাতাল থেকে খাবার ও ওষুধ পাননি। এতে তিনি অসুস্থ হয়ে পড়ছেন।
গাইনি ওয়ার্ডের সামিয়া আক্তার জানান, ১০ দিন আগে তিনি ভর্তি হন। তাঁর অস্ত্রোপচারের তারিখ ছিল গতকাল। কিন্তু হয়নি। হাসপাতালে কোনো চিকিৎসাই নেই। তাই চলে যাচ্ছেন। হাসপাতাল ছাড়ার কথা জানান কয়েক দিন আগে অস্ত্রোপচার হওয়া সেলিনা আক্তার। তাঁদের মতো আরও অনেকে গতকাল হাসপাতাল ছেড়েছেন।
মেডিসিন বিভাগে চিকিৎসাধীন হোসনেয়ারা বেগম অভিযোগ করেন, চিকিৎসা তো দূরের কথা, দুই দিন ধরে খাবারও দেওয়া হচ্ছে না। রোগীরা খাবারের জন্য বাবুর্চিখানায় গিয়ে নিরাশ হয়ে ফিরছেন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সহদেব রাজবংশী বলেন, ‘ভোরেই আমি হাসপাতালে চলে আসি। তবে জনবলের অভাবে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আতঙ্কে রোগীরা হাসপাতালে আসছেন না।’
হাসপাতাল সূত্র জানায়, ৬০০ শয্যার এই হাসপাতালে স্বাভাবিক অবস্থায় সহস্রাধিক রোগী থাকে। প্রতিদিন জরুরি বিভাগে দুই শতাধিক ও বহির্বিভাগে অন্তত এক হাজার রোগী চিকিৎসা নিলেও গত দুদিনে কোনো রোগী চিকিৎসা পাননি। হাসপাতালটিতে প্রতিদিন অন্তত ২০টি তালিকাভুক্ত অস্ত্রোপচার, ১৫টি সিজার হলেও গত দুদিনে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। একজন নার্স বলেন, আগে চিকিৎসক-কর্মচারীদের আন্দোলনে জরুরি চিকিৎসক দল গঠন করে চিকিৎসাসেবা দেওয়া হলেও গত দুদিন এমন তৎপরতা চোখে পড়েনি।
এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ৩০ বছরের চাকরিজীবনে এ ধরনের অবস্থায় তাঁকে পড়তে হয়নি। গতকাল কোনো কর্মচারী কাজ করেননি। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে তিনি বলেন, প্রতিটি ইউনিটে একজন চিকিৎসা কর্মকর্তা কাজ করছেন। স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন উদ্ভূত পরিস্থিতি নিরসনে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও কলেজ শাখা ছাত্রলীগ হাসপাতাল এলাকায় লাঠিসোঁটা ও রড নিয়ে দফায় দফায় মহড়া দেয়। অভিযোগ পাওয়া গেছে, হাসপাতালের সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান জসিম উদ্দিনকে টানাহ্যাঁচড়া করে ক্যামেরা ভেঙে দেওয়া হয়। তাঁকে মারধরের চেষ্টা করা হলে কর্তব্যরত পুলিশ তাঁকে উদ্ধার করে।
কর্মচারীরা অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা কর্মচারীদের দেখলেই ধাওয়া করে হাসপাতাল থেকে তাড়িয়ে দেন। এ কারণে তাঁরা কাজে যোগ দিতে পারেননি। হাসপাতালের কোয়ার্টার থেকে যেসব কর্মচারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ভয়ে তাঁরা গতকাল ফেরেননি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও শিক্ষানবিশ চিকিৎসক নেতা শোয়াইবুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ শিক্ষার্থীদের ওপর হামলাকারী কর্মচারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টার দিকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দাবি মানা না হলে বৃহস্পতিবার নতুন কর্মসূচি দেওয়া হবে। তিনি দাবি করেন, শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মসূচির সঙ্গে হাসপাতালের চিকিৎসকদের আন্দোলনের সম্পর্ক নেই। তিনি চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।
কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধর সন্ধ্যায় বলেন, বৃহস্পতিবার সকাল সাতটার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।