অচলাবস্থা অব্যাহত ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের নতুন ভবনে ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা অব্যাহত রয়েছে।
গতকাল রোববারও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। প্রায় এক মাস ধরে চলা এ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।
গতকাল বিকেলে নবনির্মিত ভবনে গিয়ে দেখা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে মঞ্চ বানিয়ে সেখানে অনশন করছেন পাঁচজন শিক্ষার্থী।
অন্যদিকে দেখা যায়, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ফটকের সামনে বিভিন্ন বর্ষের ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়েছেন।
চলমান অচলাবস্থায় শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত মানতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করছি আমরা।’
গত বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভায় নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। এর প্রতিবাদে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করছে।