অচলাবস্থা কাটল ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেলে অবৈতনিক চিকিৎসকদের ধর্মঘট চলাকালে রোগীরা দুর্ভোগে পড়েন৷ ছবিটি গতকাল তোলা । প্রথম আলো
ঢাকা মেডিকেলে অবৈতনিক চিকিৎসকদের ধর্মঘট চলাকালে রোগীরা দুর্ভোগে পড়েন৷ ছবিটি গতকাল তোলা । প্রথম আলো

প্রায় দুই দিন রোগীদের ভোগান্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবৈতনিক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল সোমবার সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন৷ এর মধ্য দিয়ে দেশের বৃহত্তম সরকারি হাসপাতালে অচলাবস্থা কেটেছে৷
গতকালও বহির্বিভাগ বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়েই ফিরে যান৷ গত শনিবার রাতে চানখাঁরপুলে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ওই রাতে অবৈতনিক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা জরুরি বিভাগের ফটক বন্ধ করে দেন৷ রোববার সকালে জরুরি বিভাগে চিকিৎসা চালু হলেও ১০টার দিকে আন্দোলনকারীরা বহির্বিভাগ বন্ধ করে দেন৷ পরে তাঁরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন৷ এতে গতকাল সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে৷
এদিকে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)৷ চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে এসব কর্মসূচি দেওয়া হয়েছে বলে বিএমএ জানায়৷ কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি, এ সময় ঢাকার শাহবাগে চিকিৎসকদের মানববন্ধন৷ ওই দিন চিকিৎসকেরা কালো ব্যাজ পরবেন৷ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে কর্মবিরতি পালন৷
ঢাকা মেডিকেল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে হাসপাতালের বহির্বিভাগ খুললেও সাড়ে ১০টার দিকে টিকিট বিক্রি বন্ধ করে দেন আন্দোলনরত চিকিৎসকেরা৷ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অনেক মানুষ সেবা না পেয়ে ফিরে যায়৷ এ সময় সেখানে ছবি ও তথ্য সংগ্রহ করতে যাওয়া চ্যানেল টোয়েন্টিফোরের একটি বিকল্প ক্যামেরা ছিনিয়ে নেন আন্দোলনকারীরা, রাত নয়টা পর্যন্ত তা ফেরত দেওয়া হয়নি৷ আন্দোলনকারীরা বহির্বিভাগে মিছিল এবং বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনারে মানববন্ধন করেন৷ সেখান থেকে মুখে প্রতীকী লাল টেপ মেরে মৌন মিছিল নিয়ে জরুরি বিভাগের ফটক দিয়ে হাসপাতাল ভবনে ঢোকেন৷
হাসপাতালের নিয়মিত চিকিৎসকেরা জরুরি বিভাগে সেবা দিয়েছেন৷ গতকালও অনেক রোগী ফিরে গেছেন৷ ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীদের চিকিৎসাও ব্যাহত হয়েছে কর্মবিরতির কারণে৷ সংকটাপন্ন ছয়জনের অস্ত্রোপচার ছাড়া অনেক রোগীর পূর্বনির্ধারিত অস্ত্রোপচারও হয়নি৷ জরুরি বিভাগের অস্ত্রোপচারকক্ষে কাজ হয়েছে৷
সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সভা করে কাজে ফেরার সিদ্ধান্ত নেন অবৈতনিক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা৷ রাত আটটার দিকে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোস্তফা রেজওয়ান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজে ফিরে যাচ্ছি৷ বিএমএ যেহেতু আমাদের অভিভাবক সংগঠন, আমরা তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেদের কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি৷’
হাসপাতাল সূত্র জানায়, কর্মবিরতির খবর গণমাধ্যমে প্রচার হওয়ায় গতকাল রোগীর সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় অনেক কম৷ রোববার রাত ১২টা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত জরুরি বিভাগে ৩৮৭টি টিকেট বিক্রি হয়েছে, এ সময়ে ভর্তি হয়েছেন ১০২ জন৷ সাধারণভাবে এই সময়ের মধ্যে ৯০০ থেকে এক হাজার টিকিট বিক্রি হয় এবং গড়ে ২০০ রোগী ভর্তি হয়৷
দুপুরে হাসপাতালের সম্মেলনকক্ষে নতুন খোলা তথ্যকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা৷ তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চলমান কর্মবিরতি কর্মসূচিকে সমর্থন দেন৷ এরপর ওই তথ্যকেন্দ্রে আসেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দীন ও হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান৷ এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যসচিব বলেন, ‘হাসপাতালে কর্মবিরতি কোনোমতেই সমর্থনযোগ্য নয়৷ অচলাবস্থা নিরসনের জন্য আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি, তাঁদের দাবি শুনছি৷’ তিনি বলেন, কর্মরত চিকিৎসকদের ওপর হামলা কোনোমতেই গ্রহণযোগ্য নয়৷ মামলা হয়েছে৷ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ আর হাসপাতালের কেউ অপকর্ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
হাসপাতালের কর্মকর্তারা জানান, এর পর থেকে সাংবাদিকদের হাসপাতালে ঢুকতে হলে তথ্যকেন্দ্রের মাধ্যমে যেতে হবে৷ কেউ হুট করে ওয়ার্ডে বা কোনো কক্ষে ঢুকে তথ্য নিতে পারবেন না৷ অফিস সময় শেষে ও ছুটির দিনে জরুরি বিভাগের কর্মরত একজন চিকিৎসক তথ্য দেবেন৷
দুপুরে তোপখানা রোডে বিএমএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান বলেন, চিকিৎসকেরা কর্মস্থলে নিরাপত্তাহীন বোধ করছেন৷ নিরাপত্তাহীন, ভীত ও বিক্ষুব্ধ চিকিৎসকদের পক্ষে কর্মস্থলে দায়িত্ব পালন করা সম্ভব নয়৷ চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারও হচ্ছে (গণমাধ্যমে)৷
বিএমএর মহাসচিব মাহমুদ হাসান বলেন, মূল বিষয়টা হচ্ছে সারা দেশে চিকিৎসকদের কাজের পরিবেশ ফিরিয়ে আনা৷ চিকিৎসক নেতাদের দাবি, পরিস্থিতি বিবেচনায় তাঁরা অনেক নরম (সফট) কর্মসূচি দিয়েছেন৷