চট্টগ্রামের বাঁশখালী খান বাহাদুর ফাউন্ডেশন (ট্রাস্ট) পরিচালিত হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অচলাবস্থা কাটেনি এখনো।
অধ্যক্ষ নিয়োগ নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম একই সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করায় এ জটিলতা দেখা দেয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অথবা অন্য কোনো শিক্ষক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ না করেও সেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের কাছ থেকে বিনা বেতনে ছুটি মঞ্জুর সাপেক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।
জেলা প্রশাসনের পরামর্শে ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে মাদ্রাসা পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু ৯ আগস্ট মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তাঁরা সাবেক অধ্যক্ষ জহিরুলকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ জানায় এবং অফিস সহকারী জাকের আহমেদ চৌধুরীকে মারধর করেন।
এদিকে মাদ্রাসা কবে খুলবে তা নিয়েও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ নজির বলেন, ‘আমরা মাদ্রাসা খোলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের সঙ্গে ছাত্রদের বোঝাপড়ার নিশ্চিত করে মাদ্রাসা খুলে দেওয়া যায়। এ ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই।’
মাদ্রাসা সূত্রে জানা যায়, অধ্যক্ষ নিয়ে জটিলতার কারণে গত মে মাসে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। মাদ্রাসা পরিচালনা কমিটি অধ্যক্ষের দুটি পদে থাকার আইনি বাধ্যবাধকতা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাঁর সইয়ে বেতন-ভাতার অনুমোদন দিতে রাজি হয়নি। পরিচালনা কমিটি এর সমাধান চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দেয়। এ অবস্থায় গত ২৭ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের অনুরোধ জানানো হয়।
জহিরুল ইসলাম ২০১১ সালের নভেম্বর মাস থেকে মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২৩ মার্চ তিনি বাঁশখালী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের সময়ে তিনি পরিচালনা কমিটির কাছে নিয়মানুযায়ী ছুটির আবেদন করেছেন বলে দাবি করেন। কিন্তু পরিচালনা কমিটি এ ধরনের কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে।
অভিযোগ রয়েছে, আবেদন পৌঁছানোর পর তা মঞ্জুর হয়েছে কি না, তা নিশ্চিত না হয়েই অধ্যক্ষ গত চার মাস একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ প্রসঙ্গে সাবেক অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় আমি অধ্যক্ষের পদ থেকে সরে এসেছি। আমি নিয়মানুযায়ী মাদ্রাসার অফিস সহকারীর মাধ্যমে পরিচালনা কমিটির সভাপতির বরাবরে ছুটির আবেদন পাঠিয়েছিলাম। তিনি যদি তা না পেয়ে থাকেন তাহলে আবারও আবেদন পাঠাব।’
পরিচালনা কমিটির সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী বলেন, ‘কোনো ছুটির আবেদন পাইনি। তাঁর মতো একজন মানুষের কাছ থেকে এ ধরনের বক্তব্য আমরা আশা করতে পারি না। তিনি আবেদন জানালে তা মঞ্জুর না করার কোনো সুযোগ আমাদের নেই।’