অচলাবস্থা কাটেনি দৌলতদিয়ায়
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অচলাবস্থা গতকাল বুধবারও কাটেনি। ১৩ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় ৪ নম্বর ঘাট চালু করা হলেও মধ্যরাতে এবং গতকাল সকালে ঘাটের সড়কের পাইলিংয়ের প্রায় ৫০ ফুট অংশ ধসে গেছে। চালু থাকা ৩ নম্বর ঘাট বন্ধ রেখে কাজ শুরু করলেও বৃষ্টির কারণে তা ব্যাহত হয়। গতকাল শুধু ৪ নম্বর ঘাট দিয়ে ফেরিতে ছোট গাড়ি পদ্মা নদী পারাপার করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, পদ্মার ভাঙনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ২০০ মিটারেরও বেশি অংশ পদ্মায় বিলীন হওয়ায় গত ২৭ জুলাই দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। এরপর সড়কের কাজ শেষ করে মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘাটটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। কিন্তু মঙ্গলবার রাতভর বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে ঘাটে সওজের মূল সড়কের পাইলিংয়ের দুটি স্থানে প্রায় ৫০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে যায়। তিনি বলেন, বর্তমানে ৪ নম্বর ঘাট দিয়ে ছোট ফেরিতে করে ছোট গাড়ি পার হচ্ছে।
এদিকে বাস-ট্রাক পারাপার প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় ঘাটে আটকে থাকা পণ্যবাহী ট্রাকের চালক ও কাঁচা পণ্যের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ফরিদপুরের সালথা থেকে পেঁয়াজ ও ডাব বোঝাই করে শনিবার সন্ধ্যায় ঘাটে এসে আটকা পড়েন ট্রাকচালক লিটন আলী। তিনি বলেন, ‘প্রতিদিনই ভাবি পরের দিন চালু হবে। এই আশায় এখনো বসে আছি। গ্যাসচালিত গাড়ি হওয়ায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যাওয়ার মতো গ্যাসও নেই।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, গতকাল দুপুরের পর থেকে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে ৩ নম্বর ঘাট মেরামত করে চালুর চেষ্টা চলছে। তবে ঘাটটি ছোট ফেরির জন্য হওয়ায় এখানেও কোনো বড় ফেরি ভিড়তে পারছে না। বাকি ২ নম্বর ঘাটটি ভাঙনের কারণে কিছুটা ওপরের দিকে তুলে মেরামতকাজ করা হচ্ছে। ১ নম্বর ঘাটে ভাঙন না থামায় সেটি চালু হতে আরও কয়েক দিন লাগবে।