কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিচারের দাবিতে চলা সরকার-সমর্থক শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’-এর আন্দোলন অব্যাহত আছে। ছয় দিন ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষকেরা প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় ওই দপ্তরের সামনে অবস্থান নেন। তবে গতকাল উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে আসেননি। নাম প্রকাশ না করার শর্তে রেজিস্ট্রার দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, ‘গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার দপ্তরে গিয়ে দেখি তালা। এরপর আমরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখায় গিয়ে আড্ডা দিয়ে সময় কাটিয়েছি।’ আন্দোলনরত শিক্ষকেরা জানান, উপাচার্য আমির হোসেনের অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ তথ্য-প্রমাণসহ সরকারদলীয় মন্ত্রী ও কুমিল্লার একাধিক সাংসদকে অবহিত করেছেন। গত মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু পরিষদ আন্দোলন করে আসছে।