জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের নতুন ভবনে ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সিন্ডিকেট পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় সিন্ডিকেটের জরুরি সভায় এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
রেজিস্ট্রার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিনকে প্রধান এবং পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের পরিচালক (চুক্তিভিত্তিক) এস এম আনোয়ারুল ইসলামকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোফায়েল আহমেদ, গাণিতিক পদার্থবিষয়ক অনুষদের ডিন মো. নূরুল আলম ও সিন্ডিকেট সদস্য রাশেদা আখতার।
পরিবেশবিজ্ঞান বিভাগকে তাদের পুরোনো ভবনে এবং অন্য দুটি বিভাগকে নিজ নিজ অবস্থানে ফিরে যেতে বলা হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু হল-সংলগ্ন নবনির্মিত ভবনে সংবাদ সম্মেলন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা। দুই বিভাগের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মাজেদা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হুমায়ুন কবীর, মো. গোলাম মোয়াজ্জেম, আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো. জুল্লে জালালুর রহমান, মো. শরীফ হোসেন খান প্রমুখ।