সাত দিন অচল থাকার পর বরিশাল সিটি করপোরেশনে স্বাভাবিক কাজ শুরু হয়েছে। নগরজীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসতে শুরু করেছে। পরিচ্ছন্নতাকর্মীরা নগর পরিচ্ছন্ন করার কাজে যোগ দিয়েছেন।
গত রোববার সন্ধ্যা সোয়া সাতটায় আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গতকাল সোমবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগদান করেন।
গত ২৭ মার্চ থেকে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিলে অচল হয়ে পড়ে নগর ভবনসহ গোটা নগর। বর্জ্য অপসারণ বন্ধ থাকায় দুর্গন্ধের নগরে পরিণত হয় বরিশাল।
গতকাল সকাল থেকে পরিচ্ছন্নতাকর্মীরা নগরে জমে থাকা বর্জ্য অপসারণে হাত লাগান। বিকেল পর্যন্ত বিরামহীনভাবে নগর পরিচ্ছন্নতায় কাজ করেন তাঁরা। নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে কাজ শুরু করেছেন। দুপুরে নগর ঘুরে দেখা গেছে, সদর রোড, নগর ভবনের চারপাশ, ফজলুল হক অ্যাভিনিউ, হাসপাতাল রোড, ব্রজমোহন কলেজের সম্মুখ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, নতুন বাজার, আলেকান্দা বাংলাবাজার, পুরান বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কের বর্জ্য অপসারণ হচ্ছে। বিকেল চারটার নগরের সরকারি বালিকা বিদ্যালয়ের পেছনে, বিএম স্কুলের সম্মুখসহ অনেক স্থান থেকে বর্জ্য অপসারণে কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।
নগর ভবনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, সাত দিনের বর্জ্য তো এক দিনে অপসারণ করা সম্ভব হবে না। কর্মীরা পুরোদমে কাজ শুরু করেছেন। নগরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে বর্জ্য অপসারণ হয়েছে। আন্দোলনের নেতা পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, ‘গতকাল বকেয়া বেতনের একটা চেক হস্তান্তর করা হয়েছে। আরও একটি চেক ২৫ এপ্রিল দেওয়া হবে। আমরা আন্দোলন প্রত্যাহার করে নগর পরিচ্ছন্ন কাজে যোগ দিয়েছি। আগামী দুই-এক দিনের মধ্যে পুরো নগরের বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।’
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনের ফলে নগরবাসী দুর্ভোগে পড়েছিল। নাগরিক দুর্ভোগ কমাতে কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকে সমঝোতা হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। দ্রুত নগর পরিচ্ছন্ন করার জন্য কর্মীদের আহ্বান জানানো হয়েছে।