ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ রয়েছে ২৯ দিন ধরে। এতে হতাশ শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করেছেন।নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে ওঠে। একের পর এক ভাঙচুর, বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও পরিবহন ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে ২৯ দিন ধরে কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। গতকাল শনিবার ক্যাম্পাসে সরেজমিনে ঘুরে উপাচার্য, সহ-উপাচার্য বা অন্য কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে পাওয়া যায়নি। তালা ঝুলতে দেখা যায় বিভিন্ন অনুষদ ভবন ও প্রশাসনিক ভবনের ফটকে। পরিবেশ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি উপাচার্য এম আলাউদ্দিনও। এদিকে প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর ক্যাম্পাসের ভেতরে গুলি ও বোমার শব্দ পাওয়া যাচ্ছে। এতে সবাই আতঙ্কে রয়েছেন। অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন। গতকাল ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিলেন আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সিমি ইফতেখার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাস খোলার কোনো নিশ্চয়তা নেই। এভাবে আর কত দিন থাকব।’ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কর্তাব্যক্তিরা ক্যাম্পাসে অবস্থান করলে নিরাপত্তা-শঙ্কা অনেকাংশে কমে যেত।’