অচিরেই ওসমানীনগর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে। তিনি আরও বলেন, মহাজোট সরকার বিগত চার বছরে সিলেট জেলায় ৭১০ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছে। অচিরেই ওসমানীনগর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে। গতকাল বুধবার বিকেলে সিলেটের বালাগঞ্জের দয়ামীরে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওই কথা বলেন। তিনি বলেন, প্রবাস জীবনের ২২ বছরে ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথের মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। এ নির্বাচনী এলাকার মানুষকে আওয়ামী লীগ কখনো ভোলেনি, ভুলবেও না। ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দলের জেলা কমিটির সভাপতি আবদুজ জহুর চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান প্রমুখ।