স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অচিরেই ছিটমহলের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কেবল উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে। এরই মধ্যে পাটগ্রামের ছিটমহলবাসীর জন্য সরকার ৬১ কোটি টাকা বরাদ্দ করেছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডর ও বুড়িমারী ইউনিয়নের ভেতরে থাকা ভারতীয় ১৪ নম্বর লতামারী ছিটমহলে গতকাল বৃহস্পতিবার জনগণনা পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার ভালো সম্পর্কের মধ্য দিয়ে সীমান্ত সমস্যা সমাধান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবকিছু এগিয়ে যাচ্ছে। এতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
ছিটমহল পরিদর্শন ও মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মোতাহার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ, রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার হায়দার, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী, জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মুজাহিদুল ইসলাম ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম।
দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনবিঘা করিডরে পৌঁছালে সেখানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি বিএসএফের ডিআইজি ডি হাকিব, জলপাইগুড়ি সেক্টরের কমান্ডার এসকে প্যাটেল, কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় দুথারাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। বিএসএফের একটি চৌকস দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে করে দহগ্রাম-আঙ্গরপোতা ও লতামারী ছিটমহল পরিদর্শন করে তিনি পঞ্চগড়ে যান।
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নূরুল ইসলাম ও সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান।