অচিরেই দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবন থেকে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস
গণভবন থেকে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৪৬৫টি উপজেলাকে শিগগিরই শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। ইতিমধ্যে দেশের ৭৮ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। অচিরেই শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে।
ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাসের মাধ্যমে বন্দরটির কার্যক্রম উদ্বোধন, দেশের প্রথম আট লেন যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়ক উদ্বোধন, যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংকসহ) মাওয়া এবং পাঁচ্চর-ভাংগা মহাসড়ক উভয় দিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের (পদ্মা সেতু লিংক রোড) নির্মাণকাজ উদ্বোধন করেন। একই সঙ্গে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারা দেশে ২০০১টি কম্পিউটার ল্যাব এবং ৬৫টি ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎকে বহুমুখীকরণের মাধ্যমে দেশকে শতভাগ বিদ্যুতায়িত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’ দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে তাঁর সরকার বেশ কিছু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করায় এর সুফল ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের এই পদক্ষেপের ফলে দেশের ৭৮ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন ১৫ হাজার মেগাওয়াট।’
শতভাগ বিদ্যুতের আওতাভুক্ত ছয়টি উপজেলা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জ বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লা সদর এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট।
পায়রা বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাসের কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ বন্দরকে ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনার উল্লেখ করেন। এ সময় ভিডিও কনফারেন্সে পায়রা বন্দর থেকে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
গণভবনের অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত দেশব্যাপী শেখ রাসেলকে নিয়ে কবিতা, রচনা এবং বক্তৃতা প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্ট ফোনসহ প্রত্যেককে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ এবং শেখ রাসেলের ওপর একটিসহ দুটি বই উপহার দেওয়া হয়।
পাঁচ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মুহা্ম্মদ শফিউল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ।