অচিরেই সরকারি জমি উদ্ধারে অভিযান: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও বাজার অসহনীয় যানজট সৃষ্টির মূল কারণ। বিশেষ করে রাজধানীর প্রবেশপথগুলো দখল হয়ে থাকলে যানজট নিরসন করা সম্ভব নয়। তাই অচিরেই এসব সড়ক ও সরকারি জমি উদ্ধারে অভিযান চালানো হবে। আজ শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ডসহ ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উলাইল ও গেণ্ডা এলাকার বিরাট অংশ কাঁচাবাজার বসিয়ে দখল করা হয়েছে। এসব বাজারের কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাবেন, তা মেনে নেওয়া যায় না। মাইকিং করে তাদের সতর্ক করে দেওয়া হবে, যেন তাঁরা স্বেচ্ছায় এসব বাজার ও স্থাপনা সরিয়ে ফেলতে পারেন। এতে কাজ না হলে আপাতত দখল এলাকার ১৫ ফুট পর্যন্ত উদ্ধারে শিগগিরই অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে সরকারি রাস্তাসহ সব সরকারি জায়গা উদ্ধার করা হবে।

হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক এবং সড়কসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমির ওপর গড়ে ওঠা বাজারের অন্তত ৫০০ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এসব দোকান থেকে মুকুল নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা প্রতিদিন ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এই হিসাবে এসব দোকান থেকে প্রতিদিন গড়ে প্রায় ৮৫ হাজার টাকার চাঁদাবাজি হয়।


মন্ত্রী পরিদর্শনে আসার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে সবজি ব্যবসায়ী কাফায়াত উল্লাহ বলেন, মুকুল নামের এক ব্যক্তি প্রতিদিন তাঁর কাছ থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় করেন।
ফল ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, তাঁকেও প্রতিদিন ১৫০ টাকা হারে চাঁদা দিতে হয়। আরেক ফল ব্যবসায়ী সোহেল জানালেন, তাঁর কাছ থেকে আদায় করা হয় ১৭০ টাকা। ব্যবসায়ীদের এসব অভিযোগের সময় সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

গেণ্ডা এলাকায় সওজের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করে দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন আমিনুল নামে স্থানীয় এক যুবলীগের নেতা। এই চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তিনি।

বাজার বসিয়ে সরকারি দলের নেতা-কর্মী ও প্রভাবশালীদের চাঁদা আদায় প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, রাস্তা দখল করে বাজার বসিয়ে জনজীবনে অচলাবস্থা সৃষ্টির করার অধিকার কারও নেই। যারা সরকারি রাস্তা দখল করে দোকান, বাজার বা স্থাপনা তৈরি করে চাঁদা আদায় করবেন, তাঁরা যত শক্তিশালীই হোক না কেন, তাঁদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। তাঁদের এখান থেকে বিতরিত করতে হবে।


এর পরই মন্ত্রী তাত্ক্ষণিকভাবে কাঁচাবাজার থেকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত মুকুলসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারের নির্দেশ দেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। একই সময় তিনি মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধেরও নির্দেশ দেন পুলিশকে।