প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উচ্চ ও নিম্ন আদালতে মামলার জট তৈরি হয়েছে। এটা নিরসনে সকালে ও বিকেলে দুই দফায় আদালত চালুর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বার কাউন্সিলের সঙ্গে আলোচনা চলছে। আইনজীবী ও সরকারের সাড়া পেলে অচিরেই দেশে সান্ধ্য আদালত চালু করা হবে।
গতকাল শুক্রবার সকালে সাভারের খাগাইনে ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজের যথাযথ মূল্যায়ন ও সাফল্য নির্ধারণের মানদণ্ড’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ইউএসএইড-এর সহযোগিতায় সুপ্রিম কোর্ট দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন পর্যায়ের ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় প্রধান বিচারপতি বলেন, ১৬ কোটি মানুষের দেশে বিচারক রয়েছেন মাত্র দেড় হাজার। রয়েছে বিচারকক্ষের স্বল্পতাও। এসব কারণে আদালতে মামলার জট তৈরি হয়েছে। এসব মামলা নিষ্পত্তির লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিচারকাজ ত্বরান্বিত করার জন্য বিচারকদের প্রশিক্ষণের প্রয়োজন। এ জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট খোলার পরিকল্পনা রয়েছে। ওই ইনস্টিটিউটের জন্য সরকারের কাছে জমি চেয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল রয়েছে। কিন্তু আমাদের দেশে তা নেই। দেশে ওই রকম কোনো ট্রাইব্যুনাল করা যায় কি না, সেটা ভেবে দেখা হচ্ছে।’
কর্মশালায় অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।