অচেতন করে এমআরআই করার সময় মৃত্যু?
ঢাকার সাভারের একটি রোগনির্ণয়কেন্দ্রে (ডায়াগনস্টিক সেন্টার) গতকাল মঙ্গলবার অচেতন করে এমআরআই করার সময় মোরসালিন নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মোরসালিন (৪) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পঙ্গাটিয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে। রকিবুল বলেন, চিকিৎসার জন্য মোরসালিনকে গত সোমবার তিনি সাভারের জোড়পোলে এক আত্মীয়ের বাসায় নিয়ে আসেন। ওই দিনই মোরসালিনকে সাভারের তালবাগের কেয়ার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক (নিওরোমেডিসিন) দিলীপ কুমার সরকার মোরসালিনকে দেখে তার মাথার এমআরআই ও ইইজি (মস্তিষ্কের পরীক্ষা) করার পরামর্শ দেন। এরপর ছেলেকে পাশের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান তিনি। কিন্তু ওই দিন এমআরআই করা সম্ভব হয়নি। পরে কেয়ার হাসপাতালের তত্ত্বাবধানে গতকাল দুপুর ১২টার দিকে তাঁর ছেলেকে অচেতন করে এমআরআই যন্ত্রের ভেতরে ঢোকানো হয়। আধঘণ্টা পর যন্ত্র থেকে বের করে তাকে কেয়ার হাসপাতালে নেওয়া হয়। কিছু সময় পর ওই হাসপাতাল থেকে ইইজি করার কথা বলে তাঁর ছেলেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তখনো তার জ্ঞান ফেরেনি। অচেতন অবস্থায় সেখানে (এনাম মেডিকেল) নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রকিবুল বলেন, চিকিৎসকসহ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অজ্ঞতার কারণে তাঁর ছেলে মারা গেছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমামুজ্জামান বলেন, তাঁদের হাসপাতালে আনার পথে শিশুটি মারা যায়।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে জনসংযোগ কর্মকর্তা প্রিয়তোষ কুমার সরকার বলেন, নড়াচড়া করার কারণে সোমবার শিশুটির এমআরআই করা সম্ভব হয়নি। পরে কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অচেতন করে এমআরআই করার পরামর্শ দেয়। ওই হাসপাতালের ব্যবস্থাপনায় মাহমুদুর রহমান নামের এক অবেদনবিদ শিশুটিকে অচেতন করেন। এরপর তাকে এমআরআই যন্ত্রের ভেতরে ঢোকানো হয়। যন্ত্র থেকে বের করার পর আর শিশুটির জ্ঞান ফেরেনি। প্রিয়তোষ আরও বলেন, এমআরআই করার কারণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। অচেতন করার কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে কথা বলার জন্য মাহমুদুর রহমানের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসলাম হোসাইন বলেন, পপুলার কর্তৃপক্ষ অচেতন না করে শিশুটির এমআরআই করতে অপারগতা প্রকাশ করায় মাহমুদুর রহমানের সাহায্য নিতে হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ইব্রাহিম খলিলকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।