অচেতন করে ভ্রূণ নষ্ট মুমূর্ষু অবস্থায় ছাত্রী
কৌশলে অচেতন করে ভ্রূণ নষ্ট করায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে নবম শ্রেণীর এক ছাত্রী। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এক প্রতিবেশী। এখন টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে ওই প্রতিবেশীর পরিবার।
এ ঘটনায় ওই ছাত্রীর দিনমজুর বাবা গত বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী রোববার দুপুরে প্রথম আলোকে বলে, এক বছর ধরে প্রতিবেশী ইয়াসিন মণ্ডলের ছেলে রুহুল আমিন (২০) তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রুহুল দাউদপুর ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। ওই প্রস্তাবে সাড়া না দিলে একপর্যায়ে তিনি বিয়ের প্রলোভন দেখান। দিনমজুর বাবা-মা কাজে বের হলে রুহুল জোর করে তার সঙ্গে কয়েকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি রুহুলকে জানালে তিনি বিয়ে না করতে টালবাহানা শুরু করেন। দিন দশেক আগে চিকিৎসার কথা বলে রুহুলের বোন জুঁই এবং ফুফু শেফালী খাতুন তাকে উপজেলার দাউদপুরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক সালমা বেগমের বাসায় নিয়ে যান। পরে তাকে কৌশলে অচেতন করে সন্তান নষ্ট করা হয়। এর পর থেকেই তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। মুমূর্ষু অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সালমা বেগম বলেন, মেয়েটি বিবাহিত বলে ওই দুই মহিলা তাঁকে জানিয়েছিলেন। তিনি ওই ছাত্রীর অনিয়মিত মাসিকের চিকিৎসা করেছেন বলে জানান।
কথা বলতে চাইলে হাসপাতালের চিকিৎসকদের কাউকে পাওয়া যায়নি। তবে হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা আসমা খাতুন বলেন, সন্তান নষ্ট করার ফলে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। ছাত্রীর চাচাতো ভাই সাবু মিয়া জানান, ঘটনার পর থেকে রুহুলের পরিবার বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শামীম হোসেন বলেন, শনিবার এক বৈঠকে রুহুলের বাবা ঘটনার সত্যতা স্বীকার করে ৩০ হাজার টাকায় আপস করার প্রস্তাব দেন।
এ ব্যাপারে কথা বলতে রুহুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে কথা বলতে চাইলে রুহুলের বাবা ইয়াসিন মণ্ডল সাংবাদিক পরিচয় পেয়ে ফোন বন্ধ করে দেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ্ আল সাইদ বলেন, এ ঘটনায় রুহুল, জুঁই, শেফালী, সালমাসহ সাতজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।