অচেতন করে মাথা ন্যাড়া, তিন দিন পর বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু হিন্দু পরিবারের এক মেধাবী স্কুলছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পরে মাথা ন্যাড়া করে তিন দিন পর মেয়েটিকে তার বাড়িতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।গত বৃহস্পতিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বখাটে মো. শাহজামালের (২০) মা ও দুই মামাকে গ্রেপ্তার করেছে।এ ঘটনায় করা মামলার এজাহার, ধর্ষিতার পরিবার ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, গড়জরিপা ইউনিয়নের দরিদ্র কৃষক হিন্দু পরিবারের ওই মেয়েটি দশম শ্রেণীতে মানবিক বিভাগে পড়ে। তার রোল নম্বর ২। বিদ্যালয়ে যাতায়াতের পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করত চৈতাজানী গ্রামের আলিম পরীক্ষা দেওয়া ও স্থানীয় মুদি দোকানদার শাহজামাল। ২০ জুন সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে শাহজামাল অস্ত্র দেখিয়ে মেয়েটিকে রাস্তার পাশে তার দোকানে তুলে নেয়। দোকানে মেয়েটিকে বিস্কুট ও শরবত খেতে বাধ্য করে। মেয়েটি অচেতন হওয়ার পর শাহজামাল তাকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটির মাথার চুল কেটে দেয়। জামাকাপড় খুলে ন্যাড়া মাথায় ক্যাপ ও গায়ে ছেলেদের গেঞ্জি-প্যান্ট পরিয়ে তিন দিন পর ২৩ জুন বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় অটোরিকশায় করে মেয়েটিকে তার বাড়ির আঙিনায় ফেলে রেখে আসে।পারিবারিক সেবা ও চিকিৎসা দেওয়ার দুই দিন পর ২৫ জুন শনিবার মেয়েটির চেতনা ফেরে। ঘটনা জানার পর মেয়েটির বাবা-মা আইনের আশ্রয় নিতে গেলে শাহজামালের পরিবার বেশি বাড়াবাড়ি না করতে হুমকি দেয় এবং বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেয়।মেয়েটির বাবা বাদী হয়ে গত রোববার শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ধর্ষণ, ধর্ষণে সহায়তা, ধর্ষণের আলামত নষ্ট করা ও চেতনানাশক রাসায়নিক পদার্থ খাওয়ানোর অভিযোগ আনা হয়েছে। মামলায় কুমরী তেঘুরিয়া মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র ও মুদি দোকানদার শাহজামাল, তার ভাই সুরুজ্জামান, বাবা মতিউর রহমান, মা শরুফা খাতুন এবং দুই মামা আয়নাল হক ও আনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে। পুলিশ রোববার রাতে শাহজামালের মা ও দুই মামাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।এদিকে বখাটে শাহজামাল ও তার পরিবারের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালালেও সংখ্যালঘু হিন্দু মেয়েটির পরিবারকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দিচ্ছে বলে তার বাবা অভিযোগ করেছেন।ঘটনার আকস্মিকতায় চেতনা ফেরার পর থেকেই মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। মেয়েটির বাবা-মা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিরাপত্তার স্বার্থে মেয়েটি এখন শেরপুর শহরে তার মামার বাড়িতে রয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে শহরে মামাবাড়িতে গেলে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। ‘বিদ্যালয়ে যাওয়ার পথে শাহজামাল তার কয়েকজন সহযোগী নিয়ে ছুরি দেখিয়ে আমার মুখ চেপে ধরে উঠিয়ে নিয়ে যায় এবং আমাকে একটি ঘরে নিয়ে আটকে রাখে। পরে জোর করে আমাকে বিস্কুট ও শরবত খাওয়ায়। এরপর আমার আর কিছু মনে নেই।’ এই বলে আবার কাঁদতে থাকে মেয়েটি।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাসিনুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে এবং খুব শিগগির মূল হোতা শাহজামালকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’ধর্ষণের ব্যাপারে ওসি মোস্তাসিনুর বলেন, গত সোমবার শেরপুর জেলা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া যায়নি। ঘটনার কয়েক দিন পর পরীক্ষা করার কারণে এমনটি হতে পারে। তবে তাকে চেতনানাশক রাসায়নিক দ্রব্য খাওয়ানোর কারণে তার রক্তের কয়েকটি পরীক্ষার জন্য নমুনা ঢাকার মহাখালীতে পাঠানো হয়েছে।এদিকে মেধাবী স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় শেরপুর জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী নাগ লক্ষ্মী এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা ওই ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও শাহজামালের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।