অচেতন করে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের কলেজপাড়ায় একই পরিবারের চারজনকে অচেতন করে মালামাল লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।পরিবারের ওই চার সদস্য হলেন গৃহকর্তা মনিরুজ্জামান (৪০), স্ত্রী আমেনা খাতুন (৩৫) এবং মেয়ে রোকসানা (১৪) ও সুবর্ণা (১২)। মনিরুজ্জামানের ভাই টোটন মিয়া (৩৫) জানান, শুক্রবার সন্ধ্যায় এক নারী (৪০) ও এক পুরুষ অসহায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়িতে এসে আশ্রয় চান। এ সময় পুরুষ লোকটি জানান, স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার জন্য গ্রামে গ্রামে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন। সকাল হলেই চলে যাবেন। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে আরও এক দিন সেখানে অবস্থান করেন। একপর্যায়ে শনিবার রাতে তাঁরা পরিবারের সবাইকে অজ্ঞান করে বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যান। তবে পরিবারের সদস্যরা অচেতন থাকায় কী কী খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সদর হাসপাতালের চিকিৎসক আতাউর রহমান জানান, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ওষুধ ব্যবহার করেছে। তবে চারজনই বর্তমানে ঝুঁকিমুক্ত।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে চক্রের সদস্যদের ধরতে পুলিশি অভিযান চালানো হবে।