অচেতন করেই হাতিটি উদ্ধারের সিদ্ধান্ত
ভারতের আসাম থেকে আসা বন্য হাতিটি চেতনানাশক ইনজেকশন (ট্রাংকুইলাইজার) ব্যবহার করেই উদ্ধার করা হবে। গতকাল সোমবার দুপুরে ঢাকায় এক বৈঠকে ভারতীয় প্রতিনিধিদল ও বন অধিদপ্তরের কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন।
ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল সূত্রে জানা গেছে, ভারতীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ দলটি আজ মঙ্গলবার নিজ দেশে ফিরে যাবে। তবে গতকাল বাংলাদেশের বন বিভাগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আবারও ট্রাংকুইলাইজারের মাধ্যমে হাতিটিকে অচেতন করার বিষয়ে তাঁরা একমত হন। বাংলাদেশের প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করবে। এ জন্য ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমানকে জামালপুরের সরিষাবাড়ীতে আনা হয়েছে।
এ দিকে খুলনা বন্যপ্রাণী বিভাগের বয়রা থেকে আসা পরিদর্শক রাজু মিয়া গতকাল সরিষাবাড়ীতে অবস্থানরত প্রতিনিধিদলের কাছে একটি অত্যাধুনিক ট্রাংকুইলাইজার গান হস্তান্তর করেছেন।
ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল বিকেলে প্রথম আলোকে বলেন, দুই দেশের প্রতিনিধিদলের সমন্বয়ে বৈঠক করে গতকাল রাতে বন্য হাতিটিকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে উদ্ধারে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাতিটি গতকাল সকালে সরিষাবাড়ী উপজেলার ধারাবর্ষা গ্রামের বাক্কী মিয়ার বসতঘর তছনছ করেছে। হাতিটি বন্যার পানিতে অবস্থান করায় দূর থেকে ইনজেকশন ছোড়া যাচ্ছে না। এ কারণে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দুই দেশের প্রতিনিধিদল অভিযান চালিয়ে ব্যর্থ হয়।