অচেতন দুই ট্রাকশ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ও ভবেরচর এলাকা থেকে গতকাল সোমবার সকালে পুলিশ ও 
এলাকাবাসী অচেতন অবস্থায় দুজন ট্রাকশ্রমিককে উদ্ধার করেছে। এর আগেও ২ আগস্ট বাউশিয়া এলাকা থেকে অচেতন অবস্থায়
ট্রাকের এক চালক ও সহকারীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও শ্রমিকদের আত্মীয়রা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকা থেকে গজারিয়া থানার
ভবেরচর সড়ক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন জরিপ আলী (৪৫) নামের একজনকে এবং একই
সময়ে পথচারীরা মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে শরিফ হোসেনকে (২৫) অচেতন অবস্থায় উদ্ধার করে গজারিয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সহোদর জরিপ ও শরিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে চালভর্তি একটি ট্রাক নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যাচ্ছিলেন।
গজারিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা (এএসআই) লাল মিয়া জানান, নেশাজাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে দুর্বৃত্তরা চালক
জরিপ ও সহকারী শরিফকে ফেলে চালভর্তি ট্রাক নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।