
দশম জাতীয় সংসদ নির্বাচন আজ রোববার। কিন্তু এখনো প্রার্থীদের চেহারা দেখেননি ভোটারদের অনেকে। মহল্লার দুয়েক জায়গায়, প্রধান সড়কের কোনো কোনো স্থানে প্রার্থীদের কারও কারও পোস্টার ঝুলছে। তাও সংখ্যায় এত কম যে সাদা-কালো সেসব পোস্টারে দেওয়া ছবিতে প্রার্থীদের চেহারা তো দূরে থাক, কোনো রকমে প্রতীকের চিহ্ন বোঝাও দায়। অচেনা প্রার্থীর পাশাপাশি অচেনা প্রতীকের কারণে বিভ্রান্ত ভোটাররা।
এ চিত্র রাজধানীর অভিজাত এলাকা গুলশানের। আসন ঢাকা-১৭। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা মিলিয়ে এ আসনের সীমানা। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। এখানে জাতীয় পার্টির (জেপি) আবদুল লতিফ মল্লিক লড়ছেন বাইসাইকেল প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান মৃধা লড়ছেন ফুটবল প্রতীক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন টেলিভিশন প্রতীক নিয়ে।
আবদুল লতিফের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে, হান্নান মৃধার বাড়ি মাগুরার মহম্মদপুরে এবং আবুল কালাম আজাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। অচেনা এসব প্রার্থীর কাউকে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতেও দেখেননি এখানকার ভোটাররা।
গতকাল শনিবার রাজধানীর গুলশান-১, ২, বারিধারা, কাফরুলের লালাসরাই, ভাষানটেক, কালাচাঁদপুর, শাহজাদপুর ঘুরে দেখা গেছে, এই আসনের ভোটাররা প্রার্থীদের সম্পর্কে কিছুই জানেন না। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা।
গুলশান ১-এর স্থানীয় বাসিন্দা সিরাজুল কবীর বলেন, ‘টিভি-সাইকেল-ফুটবল। এইগুলা কারা? ভোট চাইতে আমার বাসায় কেউ আসে নাই। দোকানেও কেউ আসে নাই। কারে ভোট দেব, কেন দেব, এটাই তো জানি না।’ তিনি ২০০১ সাল থেকে এ আসনের ভোটার।
গুলশান ২-এ একটি খাবারের হোটেলের মালিক ও জাতীয় পার্টির কট্টর সমর্থক রকিবুল হাসান জানান, তিনি লাঙ্গলে এরশাদকে ভোট দেবেন। ‘কিন্তু এরশাদ তো এ আসনে প্রার্থী নন’—জানালে রকিব বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এরশাদরে না দিয়ে ইসি কারে কারে যে প্রতীক দিল। এইটা কিসের নির্বাচন?’
নবম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচন ও ভোট দেওয়া নিয়ে বিভ্রান্ত কচুক্ষেত পুরান বাজারে মীম-মাহি জেনারেল স্টোরের মালিক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘ভোট দিতে কই যাব? প্রথম কথা, প্রার্থীদের কাউকেই চিনি না। প্রাথমিক স্কুলের গেটে কয়েকটা টিভির পোস্টার দেখছি। এভাবে কি ভোট হয়? কেউ ভোট চাইতেও আসে নাই। দ্বিতীয়ত, ভোটকেন্দ্রে যাওয়াটার নিরাপত্তা কই?’
সিরাজুলের ধারণা, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করা ঠিক হবে না। কারণ, এবার সরকার নিজেকে টিকিয়ে রাখতে একদলীয় নির্বাচন করছে।
বিএনএফ প্রার্থীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘নিজস্ব প্রার্থী’ উল্লেখ করেন বারিধারা ডিওএইচএসের মোড়ের একটি চায়ের দোকানের মালিক। তিনি বলেন, ‘ভোট দেওয়া না-দেওয়া সমান। গুলশান-বনানীর মতো এলাকায় এসব “পাতির থেকেও পাতি” নেতা সংসদ নির্বাচনে প্রার্থী কেমনে হইল, সেইটা হিসাব করেন?’ পাশের ভবনের কেয়ারটেকার রমিজউদ্দিনকে ভোটের দিন ঘুমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পুলিশ মাইকিং করছে তো কী হইছে, বোম মারলে মরব আমরাই। ভোট দিলেও কী, না দিলেও কী?’