অছাত্র, বিবাহিত ও ব্যবসায়ীরা বগুড়া ছাত্রদলের নেতৃত্বে
বগুড়ার ১২টি উপজেলাসহ ২৩ সাংগঠনিক কমিটির মধ্যে ১৩টি কমিটির নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে অছাত্র, বিবাহিত ও ব্যবসায়ীরা প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক নেতা-কর্মীর মধ্যে এ কমিটি নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অবশ্য জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম বলেছেন, দলের নিয়ম মেনেই এসব কমিটি গঠন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল জেলা ছাত্রদলের সভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক রেজাউর রহমানের উপস্থিতিতে ছাত্রদলের ১৩টি সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত এসব কমিটির অনেক নেতারই ছাত্রত্ব নেই; কেউ ব্যবসা করেন, আবার অনেকেই বিবাহিত।অনুসন্ধানে জানা গেছে, কাহালু থানা কমিটির সভাপতি আবদুল মোমিনের ছাত্রত্ব নেই। তাঁর মেয়ে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলে পড়ে। সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিবাহিত ও মৎস্য ব্যবসায়ী। সারিয়াকান্দি থানা কমিটির সভাপতি তারাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল আলমের ছাত্রত্ব নেই। তাঁরা বিবাহিত। রুবেল এক সন্তানের বাবা।ধুনট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালহা শামীম বিবাহিত এবং জ্বালানি তেলের ব্যবসা করেন। সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন দাখিল পাসের পর থেকেই ব্যবসা করেন। এ ছাড়া ধুনট পৌর কমিটির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক নিয়ামুল আলম তালুকদারও বিবাহিত। নন্দীগ্রাম থানা কমিটির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলমের ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগেই; তিনি বিবাহিত। নন্দীগ্রাম পৌর কমিটির সভাপতি শাহ আলমেরও ছাত্রত্ব নেই; তিনিও বিবাহিত।শিবগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক ফজলার রহমান বিবাহিত এবং ঠিকাদারি করেন। আর পৌর কমিটির সভাপতি ফারুক আহম্মেদ বিবাহিত ও ব্যবসায়ী। সোনাতলা থানা কমিটির সভাপতি এক সন্তানের বাবা জিয়াউর রহমান যন্ত্রাংশ তৈরির কারখানার মালিক এবং সাধারণ সম্পাদক এক সন্তানের বাবা রবিউল ইসলাম বালু ব্যবসায়ী। পৌর কমিটির সভাপতি আবদুল ওয়াহাব বিবাহিত ও চাল ব্যবসায়ী। শেরপুর থানা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া খান ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বিবাহিত।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের নেতা হলে বিয়ে করা যাবে না—এ ধরনের কোনো নির্দেশনা কেন্দ্রের নেই। আর যাঁদের ছাত্রত্ব নেই এবং ব্যবসায়ী বলা হচ্ছে, তাঁরা সবাই ছাত্র। কেউ আইন কলেজে, আবার কেউ অন্যত্র লেখাপড়া করছেন। তাঁদের ছাত্রত্ব প্রমাণের কাগজপত্র দেখে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।