অছাত্র, বিবাহিতরাই শেষ পর্যন্ত নতুন কমিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নয় সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে অছাত্র, বিবাহিত ও নানা অভিযোগ থাকা নেতারাই ঠাঁই পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘোষিত ওই কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্রদলের একাংশ। এ অবস্থায় জেলা বিএনপি ও যুবদলের দ্বিধাবিভক্তির পর এবার ছাত্রদলেও বিভক্তি দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি পদে উত্বাতুল বারী, জ্যেষ্ঠ সহসভাপতি পদে সাজ্জাদুল কবীর, সহসভাপতি পদে আমিররুল পাশা সিদ্দিকী, খলিলুর রহমান বিপ্লব ও মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে ফারুক আহমেদ ও কাজী বিল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে ইউসুফ মোল্লার নাম রয়েছে।এদিকে নব্য কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একটি অংশ গত বৃহস্পতিবার কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশ নেন নতুন কমিটিতে স্থান পাওয়া জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা। অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ সমর্থিত উত্বাতুল বারী ১৯৯২ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি বিবাহিত ও অছাত্র। সাধারণ সম্পাদক পদ পাওয়া নিজাম উদ্দিন ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র বলে জানা গেছে। জ্যেষ্ঠ সহসভাপতির পদ পাওয়া সাজ্জাদুল কবীর অছাত্র এবং দুই সন্তানের জনক। সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লাও বিবাহিত। তিনি এসএসসির পাঠ চুকাতে পারেননি বলে জানা গেছে। সহসভাপতি খলিলুর রহমান বিবাহিত ও অছাত্র। তিনিও এক সন্তানের জনক। এসএসসি পাসের সনদ আছে দাবি করে ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অনুসারীরা স্থান পেয়েছেন। এটা একপেশে কমিটি। অবিলম্বে ওই কমিটি বাতিল করে উভয়পক্ষ থেকে বড় দুইটি পদে নেতৃত্ব দিতে হবে।’ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ‘শিগগিরই আমরা ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। বৃহস্পতিবার মিলাদ মাহফিলের মধ্যদিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। কমিটি নিয়ে কোনো ধরনের অনুযোগ থাকার কথা নয়। সবাই কমিটিতে স্থান পেয়েছে।’ প্রসঙ্গত, গত ৬ জুন জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা হয় কুমিল্লা টাউন হল মিলনায়তনে। এতে দলীয় নেতা-কর্মীরা কমিটি গঠনের জোর দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে জেলা ছাত্রদলের ৮১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ১ জুন প্রথম আলোতে ‘কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল, অছাত্রদের হাতেই যাচ্ছে নেতৃত্ব’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।