অছাত্র, ব্যবসায়ী, বিবাহিতদের কমিটিতে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অছাত্র, বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। জেলা সভাপতি তাঁর পছন্দের লোকদের কমিটিতে রাখতে গিয়ে এ অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী গতকাল রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তাঁরা প্রকৃত নেতা-কর্মীদের কমিটিতে রাখার দাবি জানান।সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সরকারি শাহ সুলতান কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী তাঁর লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার জেলা ছাত্রলীগের যে কমিটি অনুমোদন করা হয়েছে, তাতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। যেসব নেতা-কর্মী বিভিন্ন সময়ে মিথ্যা মামলা এবং হামলার শিকার হয়েছেন তাঁদের নাম কমিটিতে নেই। এতে অছাত্র, বিবাহিত, ব্যবসায়ী ও অন্য জেলার বাসিন্দাদের স্থান দেওয়া হয়েছে।এ জন্য জেলা সভাপতি আল রাজী জুয়েলকে দায়ী করে বলা হয়েছে, গত বছরের ১৬ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভাপতিকে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি করার অনুরোধ করা হলে তিনি তা এড়িয়ে যান। জেলা সভাপতি তাঁদের বাদ দিয়ে তাঁর পছন্দের ছেলেদের কমিটিতে রেখেছেন।নতুন কমিটিতে এমন অনেকের নাম আছে, যাঁরা চার মাস বা ছয় মাস ধরে ছাত্রলীগ করছেন। অথচ যাঁরা পাঁচ-ছয় বছর ধরে ছাত্রলীগ করছেন, তাঁদের নাম কমিটিতে নেই।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নুরুল আমিনকে সহসভাপতি করা হয়েছে কিন্তু তাঁর বয়স নেই। অপর সহসভাপতি রুহুল আমিন বেসরকারি কলেজের শিক্ষক, সহসভাপতি আবু হাসানেরও বয়স শেষ। সহসভাপতি হামিদুল ইসলামের বাড়ি অন্য জেলায়। সহসভাপতি রাজীবুল ইসলাম অছাত্র। এ ছাড়া সোহাগ কুমার, আয়নাল হক, আশরাফুল ইসলাম, আবদুল গফুর, গোবিন্দ কুমার, ছানিউল ইসলামসহ বেশ কয়েকজন অছাত্র ও ছাত্রলীগের নবাগত কর্মীকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল বলেন, দলের যেসব নেতা ও কর্মী সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ভর্তি-বাণিজ্য থেকে শুরু করে বেশ কিছু অভিযোগের কারণে তাঁরা কমিটিতে স্থান পাননি। ছাত্রলীগের গঠনতন্ত্র মেনেই কমিটি করা হয়েছে। যেসব অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।