বরিশালে ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি অছাত্ররা দখল করে আছেন। তাঁদের মধ্যে অনেকে ছাত্রত্ব শেষ করে ঠিকাদারি, চাকরি ও বিবাহিত জীবন যাপন করছেন।জেলা ও মহানগর ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন হয় ২০০২ সালের অক্টোবরে। ২০০৫ সালে কমিটি ভেঙে দেওয়ার দাবি তোলেন সাধারণ ছাত্ররা। এরই পরিপ্রেক্ষিতে ওই কমিটি বাতিল করে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।ছাত্রদলের একাধিক নেতা-কর্মীর অভিযোগ, তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি গত সাত মাসে একটি সভাও করতে পারেনি। বয়স্ক, অছাত্র, ব্যবসায়ী ও ঠিকাদার ছাত্রনেতারা নিজস্ব কাজেই বেশি ব্যস্ত থাকেন। তাঁদের মধ্যে অনেকের কর্মক্ষেত্র বরিশালের বাইরে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান ইসলামিয়া কলেজ থেকে ১৯৯৮ সালে স্নাতক পাস করলেও পরে আর পড়াশোনা করেননি। বর্তমানে তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ঠিকাদার। তবে তাঁর দাবি, তিনি আইন মহাবিদ্যালয়ের ছাত্র। মাসুদ হাসান বলেন, অনেকের ছাত্রত্ব না থাকলেও বিরোধী দলে থেকে আন্দোলন-সংগ্রামের কথা চিন্তা করে কেন্দ্রীয় কমিটি বরিশালে আহ্বায়ক কমিটি করে দিয়েছে।মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে নিজস্ব ব্যবসা ও ঠিকাদারি কাজ করছেন। বর্তমানে তাঁর এক সন্তান চতুর্থ শ্রেণীর ছাত্র। তাঁর দাবি, তিনি আইন মহাবিদ্যালয়ের (ল কলেজ) ছাত্র। কমিটিতে ছাত্রত্ব নেই এমন নেতা-কর্মী আছেন স্বীকার করে খন্দকার আবুল হাসান বলেন, ‘আমি দায়িত্ব নিতে চাইনি, কেন্দ্র দিয়েছে। গত আট বছর কমিটি না হওয়ায় নবীনদের দায়িত্ব দিলে সমস্যা হবে, এটা ভেবে এ কমিটি করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় অবশ্যই ছাত্রদের নিয়ে করা হবে।’১৯৯৭ সালে এইচএসসি পাস ও বর্তমানে আইন মহাবিদ্যালয়ের ছাত্র দাবিদার যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন বলেন, ‘মূল দলে গ্রুপিং থাকায় (মজিবর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামালের মধ্যে) তিন মাসের জন্য করা কমিটি একবারও সভায় মিলিত হতে পারেনি।’জেলার বাকি ১৬ যুগ্ম আহ্বায়কের মধ্যে দু-একজন মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিই পেরোতে পারেননি বলে ছাত্রদলের কমিটির একাধিক সদস্য জানিয়েছেন। তাঁদের কেউ কেউ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা আইন মহাবিদ্যালয়ের ছাত্র হিসেবে ছাত্রত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মেদ আইন মহাবিদ্যালয়ের ছাত্র।যুগ্ম আহ্বায়ক সামসুজ্জোহা আজাদ দাবি করেন, ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে তিনি গৌরনদী কলেজের ছাত্র ছিলেন। এর ১২ বছর পর তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ভর্তি হয়েছেন।জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘নেতৃত্ব বিকাশের জন্য এ কমিটি ঠিক না হলেও ভবিষ্যতে ছাত্রদের দ্বারা পরিচালিত কমিটি হবে আশা করি।’ ছাত্রত্বের বিষয়ে তিনি বলেন, ‘আমি আইনপেশায় শিক্ষানবিশ হিসেবে কাজ করছি। এ ছাড়া ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলএম করছি।’