অছাত্র দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণের বলি সাংসদের ভাতিজা

২০০৮ সালের সংসদ নির্বাচনের পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বহিরাগত ও অছাত্র সালেহ আহমেদ ওরফে রাসেল৷ তাঁর হুকুম ছাড়া কিছুই হতো না। তাঁর একনায়কতন্ত্রে একসময় ছাত্রলীগের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু হয় অভ্যন্তরীণ বিরোধ। গত বৃহস্পতিবার সেই বিরোধের বলি হলেন একজন নিরীহ ব্যবসায়ী৷
কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী সালেহ৷ বৃহস্পতিবার তাঁর নেতৃত্বেই নগরের মনোহরপুর মুন্সেফবাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়৷ তাঁর নির্দেশে এক ছাত্রলীগ কর্মীর গুলিতে নিহত হন ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু৷ তিনি সাংসদের চাচাতো ভাইয়ের ছেলে৷
ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, সাংসদ বাহাউদ্দিন অছাত্র দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়েই আজকের এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৫ সালে এসএসসি পাস করার পর সালেহ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হন। পরে কলেজ শাখা ছাত্রলীগের একটি বিতর্কিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। ২০০৫ সালে তাঁর ছাত্রজীবন শেষ হয়। এরপর তাঁর আর হদিস মেলেনি। ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর তিনি আবার কলেজ রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ওই সময় কলেজ শাখা ছাত্রলীগের নিয়মিত কমিটি থাকলেও তাঁর কারণে কলেজে কেউ দাঁড়াতে পারেননি। একপর্যায়ে নিয়মিত কমিটির সদস্যরা নিশ্চুপ হয়ে যান।
কলেজের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কবি নজরুল হলে সালেহ তাঁর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। হলে ফাউ খাওয়া থেকে শুরু করে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন, সাধারণ শিক্ষার্থীদের মারধর করতেন। এ ক্ষেত্রে তিনি একটি বাহিনী গড়ে তোলেন। ওই বাহিনীর সদস্যরা হলেন: আবদুল্লাহ আল মামুন কাজল, আবদুল মজিদ, মো. হাসান, মো. জুনায়েদ, আবু নাছের অপু, সাদ্দাম হোসেন, সারওয়ার জাহান শাকিল, সাইফুল ইসলাম ও এমদাদ হোসেন বাপ্পি। হল প্রশাসন তাঁদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, সর্বশেষ ২৮ মে বিকেলে সালেহ কবি নজরুল হলের টেলিভিশন কক্ষে অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমানকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এর আগে ২০ মে দলবল নিয়ে হলের ১৪৭ নম্বর কক্ষে অস্ত্রসহ অবস্থান করেন। ২১ মে ওই কক্ষ থেকে একটি ল্যাপটপ নিয়ে যান। ২৪ মে হলের ২১২ নম্বর কক্ষের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিল্লাত হোসেনকে পিটিয়ে জখম করেন তাঁর বাহিনীর সদস্য আবদুল্লাহ আল মামুন কাজল। হলের ২৬২ ও ৩৫৩ নম্বর কক্ষে বহিরাগতদের নিয়ে নিয়মিত আড্ডা বসাতেন সালেহ। এ ছাড়া, কলেজের কলাভবন ও ছাত্রী হলের সামনে মেয়েদের উত্ত্যক্ত করা ছিল তাঁর বাহিনীর নিয়মিত কাজ।
কবি নজরুল হলের সাধারণ শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মুন্সেফবাড়ি এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে সালেহ তাঁর দলবল নিয়ে হলে ফিরে আসেন। সেখানে ঘণ্টা দুয়েক অবস্থান করে পুরো বাহিনী নিয়ে তিনি পালিয়ে যান। বর্তমানে ওই হলের শিক্ষার্থীরা ভয়ে বাড়ি চলে গেছেন।
সাংসদের অনুসারী একটি পক্ষের ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, ‘সালেহ আহমেদের সঙ্গে দ্বন্দ্ব হবে, তাই আমরা ভিক্টোরিয়া কলেজে যেতাম না। কিন্তু ছাত্রলীগের নিয়মিত ছাত্ররা ঠিকই তাঁর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।’
কলেজের একাধিক শিক্ষক জানান, ২০১৩ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জোর করে মাইক্রোফোন কেড়ে নেন সালেহ। তিনি ওই অনুষ্ঠানে প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করেন। তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় এবারের স্বাধীনতা দিবসের বিতর্ক অনুষ্ঠান পর্যন্ত বন্ধ করে দেয় তাঁর বাহিনী। সে সময় এক সপ্তাহ কলেজ মিলনায়তন বন্ধ রাখা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন বলেন, ‘অছাত্র দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আজকের এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
এ ব্যাপারে সাংসদ আ ক ম বাহাউদ্দিন গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘পাশের বাড়ির পান্না চক্রবর্তীর ছেলেকে বাঁচাতে গিয়েই সুমু (আহসান হাবিব) মারা গেছে। সে আমার চাচাতো ভাইয়ের ছেলে। খুনিরা কেউ পার পাবে না।’ তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে৷ সালেহসহ সবাইকে গ্রেপ্তার করা হবে৷