অছাত্র নেতাদের আপত্তি সম্মেলন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩০ এপ্রিল, ছাত্রলীগের বরিশাল জেলা ও মহানগর কমিটির সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এর আগে চারবার তারিখ নির্ধারণের পরও সম্মেলন হয়নি। বয়স্ক ও অছাত্ররা সম্মেলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবারও সম্মেলন ভেস্তে গেছে বলে ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের সম্মেলন হয় ১৯৯২ সালে। ২০০১ সালে মিলন ভূঁইয়াকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট জেলা ছাত্রলীগের এবং ২০০৩ সালের জুনে জিয়াউর রহমানকে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে আর কোনো সম্মেলন হয়নি, পূর্ণাঙ্গ কমিটিও গঠিত হয়নি।সাত বছর অতিবাহিত হতে চললেও তিন মাসের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে ছাত্রলীগের কার্যক্রম। জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে অনেকেরই ছাত্রত্ব কয়েক বছর আগে শেষ হয়েছে। তার পরও ওই সব নেতা পদ আঁকড়ে থাকতে চান বলে ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেছেন। তাঁরা আরও অভিযোগ করেন, জেলা ও মহানগর ছাত্রলীগের আট-নয়জন নেতা কমিটিতে থাকতে পারবেন না জেনে সম্মেলন নিয়ে টালবাহানা করছেন।মহানগর কমিটির সদস্য ও বিএম কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মঈন তুষার বলেন, ‘আমরা সম্মেলন চাই। যাঁদের বয়স ২৯ বছরের বেশি, তাঁরা ছাত্রলীগের কমিটিতে থাকতে পারবেন না—এমন আভাস পেয়ে বয়স্ক ছাত্রনেতারা সম্মেলন করতে আগ্রহী হচ্ছেন না।’ সরকারি বরিশাল কলেজ শাখার সভাপতি মোরশেদ আলম ওরফে মিরাজ বলেন, ছাত্রলীগের যেটুকু ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে তা ফিরিয়ে আনতে অনূর্ধ্ব ২৯ বছর বয়সী, অবিবাহিত ও ভদ্র ছাত্রদের হাতে দায়িত্ব দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের কর্মীরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৯ বছরের বেশি বয়সের কেউ ছাত্রলীগের কর্মী থাকতে পারবেন না। কাউন্সিল হলে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতা কমিটিতে থাকতে পারবেন না। তাই এ মুহূর্তে তাঁরা সম্মেলনের বিপক্ষে রয়েছেন। অবশ্য ওই সব নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, কাউন্সিল হলে আপত্তি নেই। কিন্তু তার আগে তাঁদের একটা সম্মানজনক অবস্থানে নিতে হবে।মহানগর ছাত্রলীগের আহ্বায়ক জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘বরিশালে দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ার জন্য কেন্দ্র দায়ী। আমরা সম্মেলন চাই। তার আগে পাঁচ জেলার সম্মেলন করতে হবে।’মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘বিগত জোট সরকারের সময় আমরা জেল-জুলুম মাথায় নিয়ে দলকে সংগঠিত রেখেছি। অথচ আজ আমাদের নেতৃত্বহীন করার পরিকল্পনা হচ্ছে। সম্মেলন হবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের সম্মানজনক একটা অবস্থানে দিতে হবে।’ এ ব্যাপারে ছাত্রলীগের বরিশাল জেলার আহ্বায়ক মিলন ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।