অছাত্রদের এমসি কলেজে যেতে নিষেধাজ্ঞা
সিলেট জেলা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠক করে আওয়ামী লীগের নেতারা কোনো অছাত্রকে এমসি কলেজে যেতে নিষেধ করেছেন। গতকাল বৃহস্পতিবার নগরের ইব্রাহিম স্মৃতি সংসদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের উপস্থিতিতে ওই বৈঠক হয়।
বৈঠক থেকে জানা গেছে, সেখানে ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাবেক জেলা সভাপতি পংকজ পুরকায়স্থ ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদের পক্ষসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে গত রোববারের সংঘর্ষে অস্ত্রধারীদের তৎপরতা নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে ছাত্রলীগের দুই পক্ষ এ ধরনের অস্ত্রের মহড়া করলে ক্ষমতাসীনদের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আওয়ামী লীগের নেতারা উদ্বেগ প্রকাশ করেন। এখন সিটি করপোরেশন নির্বাচন ও সামনে জাতীয় নির্বাচন। এ অবস্থায় তাঁরা ছাত্রলীগের যেসব নেতা-কর্মী এমসি কলেজের ছাত্র না, তাঁদের কলেজে যেতে নিষেধ করেন। এতে উভয় পক্ষ সম্মত হলে বৈঠক শেষ হয়। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ বৈঠকে এ ধরনের নির্দেশনা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের নেতা মিসবাহউদ্দিন সিরাজ বলেন, এটি আসলে ছাত্রলীগকে নিয়ে কোনো বৈঠক ছিল না। ১৪ দলের বৈঠক শেষে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের পেয়ে জ্যেষ্ঠ নেতারা আলোচনা করেন। পরে এমসি কলেজে অছাত্রদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি ছাত্রলীগ মেনে নেয়। অস্ত্রধারীদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ ক্ষেত্রে তারা স্বাধীনভাবে কাজ করবে।