অছাত্রদের নিয়ে পিরোজপুর ছাত্রদলের কমিটি
পিরোজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে কয়েকজন অছাত্র, চাকরিজীবী ও ব্যবসায়ীকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ ফেব্রুয়ারি সর্বশেষ ওই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু এ কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা স্থান না পাওয়ায় ছাত্রদলের একটি অংশ বিক্ষোভ ও ঝাড়ু মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ওই অংশ ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছে।ছাত্রদল সূত্রে জানা গেছে, গত বছরের ৩ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের একটি প্রতিনিধিদল পিরোজপুরে এসে কমিটি গঠনের বিষয়ে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে। তারা ঢাকায় গিয়ে শহিদুল ইসলামকে আহ্বায়ক, আসাদুজ্জামান মিঠু, মারুফ হাসান, রেজাউল ইসলাম, এমদাদুল হক ও সাইদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ওই বছরের ১৮ অক্টোবর একটি কমিটি অনুমোদন দেয়। এক মাস পর কেন্দ্র থেকে স্বরূপকাঠি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামালকে ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সংযুক্ত করা হয়। এ বছরের ১৪ ফেব্রুয়ারি সদস্যসংখ্যা ৬৬-তে উন্নীত করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।এরপর এই কমিটির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের নেতৃত্বে একটি অংশ নতুন কমিটি বাতিলের দাবিতে এলাকায় নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি তারা শহরে বিক্ষোভ, ১৯ ফেব্রুয়ারি ঝাড়ু মিছিল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা দাহ এবং ৬ মার্চ কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেছে।আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগের দাবিতে অনশন করলাম, আর এখন আমি এ কমিটির ২৯ নম্বর সদস্য। এটা আমার কাছে উপহাসের মতো।’আহ্বায়ক কমিটির আরেক সদস্য বশির উদ্দিন শেখ অভিযোগ করেন, ফয়সাল পোদ্দার ও সালাউদ্দিন ছাত্র নন। তার পরও তাঁরা ছাত্রদলের জেলা কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন। বশির উদ্দিন শেখ আরও বলেন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু একজন ব্যবসায়ী।যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু বলেন, তিনি বরিশালে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিষয়ে লেখাপড়া করেন। ফয়সাল পোদ্দার ও সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘তত্ত্বাবধায়কের সময় যারা আমাদের দেখলে অন্য রাস্তায় ঢুকত, মিছিলের কথা বললে পালিয়ে যেত, তারাই এখন ছাত্রদল জেলা কমিটির ওপরের সারিতে। আর আমার নাম-ই নাই কমিটিতে।’জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক জানান, এ কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁকে দিয়ে সংগঠন চলবে না।জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা যোগ্য; সবাই লেখাপড়া করেন। তিনি ঢাকায় কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন না।