অছাত্রদের নিয়ে শিবগঞ্জে ছাত্রদলের দুই কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত ও ব্যবসায়ীদের রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। গত ২৩ এপ্রিল জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শাহাবুল আলম কমিটিগুলো (আংশিক) অনুমোদন করেন।ছাত্রদলের একটি সূত্র জানায়, ছাত্রদলের গঠনতন্ত্রের ৬ (১) ধারা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত যেকোনো ছাত্র বা ছাত্রী ছাত্রদলের কমিটিতে থাকবেন। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘন করে অছাত্রদের রাখা হয়েছে। ২৩ এপ্রিল অনুমোদন দেওয়া এ দুই কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। এক মাসের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। ১১ জনের মধ্যে ১০ জনই ছাত্র নন।নতুন দুই কমিটির মধ্যে শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল গাফ্ফার, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক ফজলার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ওয়ালিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদের ছাত্রত্ব নেই। আবদুল মতিন ও ফজলার রহমান বিবাহিত।ছাত্রদল পৌর কমিটির সভাপতি ফারুক আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ ও খালিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা অছাত্র। তাঁদের মধ্যে গাফফার, রুহুল আমিন ও সোহেল মোল্লা বিবাহিত। এ ছাড়া সোহেল মোল্লা ও খালিদ হোসেন ব্যবসা করেন। শুধু এ কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার মমিতের ছাত্রত্ব আছে।নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের সাবেক এক নেতা জানান, ছাত্রদলের এবারের কমিটি যত নিম্নমানের হয়েছে, এর আগে কখনো এমনটি হয়নি। পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করা নেতাকে ডিগ্রি ক্লাসের ছাত্ররা মানবেন কীভাবে? নেতাদের কেন্দ্র করে এলাকায় সংগঠন গতিশীল হয়।ছাত্রদলের উপজেলা কমিটির সভাপতি আবদুল গাফ্ফার বলেন, ‘আমার ছাত্রত্ব এখনো যায়নি, টিকিয়ে রেখেছি অন্যভাবে। আমি সংগঠনকে ভালো করার জন্য চেষ্টা করে যাব।’ পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ জানান, তাঁর বিরুদ্ধে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার বিষয়টি ঠিক নয়। তিনি ২০০৩ সালে এইচএসসি পাস করেছেন।