অছাত্রদের সূর্য সেন ও জসীমউদ্দীন হল ছাড়তে নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ও কবি জসীমউদ্দীন হলে অবস্থানরত অছাত্র, অন্য হলের ছাত্র ও বহিরাগতদের হল ছাড়তে সময় বেঁধে দিয়েছে হল দুটির প্রশাসন। গতকাল বৃহস্পতিবার হল দুটিতে এমন বিজ্ঞপ্তি দেখা গেছে।
কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. রহমত উল্লাহ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হলে অবৈধভাবে বসবাসরত অছাত্র এবং অনাবাসিক কার্ডধারী ছাত্র—সকলকে আগামী ২৯ তারিখের মধ্যে হল ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।’
সূর্য সেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সূর্য সেন হলে যদি অন্য হলের ছাত্র, বহিরাগত কিংবা অতিথি অবস্থান করেন, তাঁদের অনতিবিলম্বে হল ত্যাগ করতে এবং হলের প্রাক্তন ছাত্রদের এক সপ্তাহের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া যাচ্ছে।
২২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অছাত্রদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের সূত্র ধরে এর আগে জগন্নাথ হল ও এফ রহমান হলে তল্লাশি চালানো হয়।