অজগর বাচ্চাদের দুরন্তপনা
ডিমের খোলস ভেঙে বাইরে বেরিয়ে অজগরের বাচ্চাগুলো কিছুক্ষণ চুপচাপ থাকে। ২৫-৩০ মিনিট যেতেই যেন সংবিৎ ফিরে পায়। শুরু করে এঁকেবেঁকে চলা। কখনো ঝোপঝাড়ের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করে। খোলসে আবদ্ধ জীবন থেকে মুক্ত আলো-বাতাসে বেরিয়ে আনন্দ প্রকাশ করতেই যেন এ চঞ্চলতা।গত সোমবার দুপুরে বরগুনার বঙ্গোপসাগর-তীরবর্তী তালতলী থানার সংরক্ষিত বন টেংরাগিরি (স্থানীয়ভাবে ফাতরা বন নামে পরিচিত) গিয়ে অজগরের সদ্য ফোটা বাচ্চাগুলোর এমন দুরন্তপনা চোখে পড়ে।গত ২০ মে বনের মধ্যে পায়ে হাঁটা পথ নির্মাণের কাজ করতে গিয়ে শ্রমিকেরা দেখেন, একটি অজগর রেইনট্রি গাছের শিকড়ের খোঁড়লে ডিমে তা দিচ্ছে। বিষয়টি তাঁরা বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের জানালে অজগরটির প্রজনন নিরাপদ করার জন্য সেখানে সার্বক্ষণিক পাহারা বসানো হয়। তারপর চলে অপেক্ষার পালা—কবে, কখন ডিম ফুটে বেরোবে বাচ্চা। গত রোববার সেই অপেক্ষার প্রহর শেষ হয়। ওই দিন চারটি ডিম ফুটে বেরিয়ে আসে চারটি বাচ্চা। সোমবার বিকেল নাগাদ বেরিয়ে আসে আরও তিনটি বাচ্চা। এর মধ্যে পাঁচটি বনের মধ্যে চলে গেছে। গতকাল মঙ্গলবার সকালে বাকি দুটি বাচ্চাও বনের মধ্যে চলে গেছে বলে জানান স্থানীয় বন কর্মকর্তারা। আরও পাঁচটি ডিম ফুটতে শুরু করেছে বলে জানান তাঁরা। সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, দুটি বাচ্চা ডিমের কিছু দূরে স্থির হয়ে আছে। আধা ঘণ্টা যেতে না যেতেই বাচ্চাগুলো নড়েচড়ে ওঠে। এরপর ভীষণ চঞ্চল হয়ে শুরু করে এঁকেবেঁকে চলা, ডিমগুলোর আশপাশে ঘুরপাক খেতে থাকে। হলুদ-খয়েরি আর বাদামি ডোরাকাটা বাচ্চাগুলো লম্বায় প্রায় ৬০-৬৫ সেন্টিমিটার। মা অজগরটি এখানে ৪২টি ডিম পাড়ে। বন বিভাগের কর্মকর্তাদের আশা, সব ডিম থেকে বাচ্চা ফুটবে। তবে মা অজগরটিকে আশপাশে কোথাও দেখা যায়নি। স্থানীয় বনকর্মীরা জানান, ছয়-সাত দিন আগে ডিমে তা দেওয়া বন্ধ করে মা অজগরটি অন্যত্র চলে যায়।বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা এইচ এম জলিলুর প্রথম আলোকে বলেন, ‘অজগরটি ৪২টি ডিম দিয়েছে এবং আশা করি, সব ডিম থেকেই বাচ্চা ফুটবে। এই বনে এর আগে কখনো অজগর দেখা যায়নি।’টেংরাগিরি বনে অজগরের ডিম ও বাচ্চা দেখতে এলাকার উৎসুক লোকজন প্রতিদিন ভিড় জমাচ্ছে সেখানে। কিন্তু ডিম ফোটানো নির্বিঘ্ন করতে বনরক্ষীরা লোকজনকে সেখানে যেতে দিচ্ছেন না।অজগরের জীবনাচরণ ও প্রজনন বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও সার্জারি বিভাগের প্রভাষক অনুপ কুমার তালুকদার প্রথম আলোকে বলেন, অজগর সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে ডিম দেয়। মা অজগর ডিমে তা দেওয়ার সময় অভুক্ত থাকে। বাচ্চার চোখ ফুটতে ছয় থেকে ১৩ দিন সময় লাগে। তবে চোখ ফোটার আগেই অজগরের বাচ্চা ছোটাছুটি করতে পারে। জন্মের পর সাত দিন বাচ্চাগুলো কোনো খাবার গ্রহণ করে না। এরপর এগুলো ইঁদুরজাতীয় প্রাণী খায়।