অজগর মারার ঘটনা তদন্ত করল বন্য প্রাণী পরিদর্শক দল
সিলেটের খাদিমপাড়া এলাকায় পিটিয়ে অজগর মারার ঘটনা সরেজমিনে তদন্ত করেছে বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ শাখার একটি পরিদর্শক দল।গতকাল শনিবার পরিদর্শক দলের সদস্যরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। তাঁরা পুঁতে রাখা অজগরটির দেহ তুলে পরীক্ষা করে এর মৃত্যুর কারণ নির্ণয় এবং আলামত সংগ্রহ করেন।পরিদর্শক দল সূত্র জানায়, গতকাল প্রথম আলোয় ‘অমূলক ভয়ের কারণে পিটিয়ে মারা হলো অজগরটিকে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সিলেট বন বিভাগের কর্মকর্তা শ ম শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের পরিদর্শক দল এলাকা পরিদর্শন করে। পরিদর্শক দল এ সম্পর্কে একটি প্রতিবেদন বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠায়।টিলাগড় ইকোপার্ক বন বিটের কর্মকর্তা শ ম শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিতান্তই অসচেতনতার কারণে অজগরটি মারা পড়ল।’ এ ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য ভবিষ্যতে কর্মসূচি নেওয়া হবে বলে তিনি জানান।