অজগরটি ফিরে গেল বনে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুরে গ্রামবাসীর হাতে ধরা পড়া একটি অজগরকে গতকাল মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার করিমপুর গ্রামে অজগরটি ধরা পড়ে। এরপর এটিকে গ্রামের আবদুল আউয়ালের বাড়িতে খাবার দিয়ে নিরাপদে আটক রাখা হয়।আবদুল আউয়াল গতকাল প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার রাত নয়টার দিকে বরমচাল থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় অজগরটিকে পাহাড় থেকে গ্রামের দিকে নেমে আসতে দেখি। পরদিন লোকজন দেখলে মেরে ফেলবে এই আশঙ্কায় সাপটি সঙ্গে সঙ্গে ধরার ব্যবস্থা করি।’ আউয়াল আরও জানান, এলাকাবাসীর সহায়তায় অজগরটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। কিন্তু টেলিফোন নম্বর না থাকায় এ কয় দিন বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এ সময় বাজার থেকে মাছ ও মোরগ কিনে এনে অজগরটিকে খাইয়েছেন। গতকাল বিভাগীয় বন কর্মকর্তার ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এরপর বেলা দুইটার দিকে বন বিভাগের লোকজন তাঁর বাড়ি থেকে অজগরটি নিয়ে যান। বিকেল চারটায় সেটিকে জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।