অজগরটি বনে ফিরে গেল
দুই দিন গৃহবাসের পর আবার বনে ফিরে গেল অজগরটি। গতকাল রোববার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার আবিদ মিয়ার বাড়ির পাশের জঙ্গলে গত শুক্রবার বাড়ির লোকজন অজগরটিকে দেখতে পায়। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে কৌশলে অজগরটিকে ধরে ফেলে। গত শনিবার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের কর্মকর্তারা অজগরটি ধরার খবর পান। কিন্তু এলাকার লোকজন সেদিন অজগরটি হস্তান্তর করতে চায়নি। গতকাল অজগরটিকে বন বিভাগের কাছে তুলে দেওয়া হয়। পরে বেলা তিনটার দিকে বন বিভাগের ব্যবস্থাপনায় অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। অজগরটি বারো ফুট লম্বা। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘শনিবারে খবর পাওয়ার পরই আমরা অজগরটিকে নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু তারা হস্তান্তর করতে সম্মত ছিল না। তাই আজ (রোববারে) অজগরটিকে নিয়ে এসে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।’