অজগরটি বাঁচল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর জঙ্গল থেকে লোকালয়ে এসে আস্ত ছাগল খেয়ে অসুস্থ হয়ে পড়া অজগরটি বাঁচল না। গত সোমবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানায় সেটি মারা গেছে। হজমশক্তি কমে যাওয়ার কারণে অজগরটি মারা গেছে বলে চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাত হোসেন জানিয়েছেন।

গত রোববার সকালে ছলিমপুর ইউনিয়নের মধ্য ছলিমপুর পাহাড়ের ধারে লোকালয় থেকে অজগরটি উদ্ধার করা হয়। এটির মুখ বস্তা দিয়ে আটকে রিকশার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মধ্য ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় এটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ৮ সেপ্টেম্বর জঙ্গল ছলিমপুর থেকে উদ্ধার হওয়া একটি শজারু আহত অবস্থায় চিড়িয়াখানায় হস্তান্তর করার পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, উদ্ধারের পর সাত-আট ঘণ্টা টানা-হেঁচড়ায় অজগরটি দুর্বল হয়ে পড়ে। ফলে হজম প্রক্রিয়া আর কাজ করেনি (ডাইজেস্টিভ সিস্টেম ফেইলিউর)। এ কারণে পরদিন সকালে অজগরটি মারা যায়।