অজগরের দেহ থেকে ট্রান্সমিটার অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত সোমবার অস্ত্রোপচার করে একটি অজগরের দেহ থেকে রেডিও ট্রান্সমিটার খুলে ফেলা হয়েছে। গতিবিধিসহ বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে ওই সাপটির দেহে ট্রান্সমিটার স্থাপন করা হয়েছিল।
উদ্যানের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে ‘হাসান’ নামের ওই অজগরের দেহে অস্ত্রোপচার (অপারেশনটি) পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন আবু সায়েম। এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরীসৃপ গবেষক শাহরিয়ার সিজার রহমান ও উদ্যানের বন কর্মকর্তা আনোয়ার হোসেন।
ভেটেরিনারি সার্জন আবু সায়েম বলেন, গত এক বছরে অজগরটির ওজন ১ কেজি বেড়ে ৯ দশমিক ৩৭ কেজি হয়েছে। এর মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ২৯১ দশমিক ৬ সেন্টিমিটার। শুধু লেজের দৈর্ঘ্য ৩৫ দশমিক ৩ সেন্টিমিটার। রেডিও ট্রান্সমিটারটির ওজন ছিল ২০০ গ্রাম। এটি স্থাপন করার পর সাপটির দেহে কোনো সমস্যা হয়নি।
আবু সায়েম আরও বলেন, রেডিও ট্রান্সমিটারের ব্যাটারির মেয়াদ ১৮-২৪ মাস পর্যন্ত থাকে। তাই সময় থাকতেই ট্রান্সমিটার অপসারণ করে ফেলা হয়েছে। অজগরটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। এটিকে ৪৮-৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে বনের ভেতর আবার অবমুক্ত করা হবে।
সরীসৃপ গবেষক শাহরিয়ার সিজার রহমান বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ পাইথন প্রজেক্ট’-এর গবেষণা কাজের অংশ হিসেবে অজগরটির শরীরে একটি ট্রান্সমিটার স্থাপন করা হয়েছিল। মূলত অজগরের গতিবিধি, আচরণ, খাদ্যাভ্যাসসহ জীবনবৃত্তান্ত জানার লক্ষ্যেই ট্রান্সমিটার স্থাপন করা হয়েছিল। অজগরটি শনাক্ত করার সুবিধার্থে নাম রাখা হয় ‘হাসান’।
বাংলাদেশ বন বিভাগের সহায়তায় ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স দীর্ঘ চার বছর লাউয়াছড়া জাতীয় উদ্যানে ‘রেডিও টেলিমেট্রি’ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অজগরের ওপর গবেষণা করছে।