অজগরের পেটে মায়াহরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চাউতলী বন এলাকায় একটি মায়াহরিণ গিলে ফেলেছে একটি অজগর। গতকাল বৃহস্পতিবার দিনের বেলা এই ঘটনা ঘটে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একদল পাহারাদার শ্রীমঙ্গল উপজেলার চাউতলী বনের গভীর জঙ্গল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে টহল দল দেখতে পায় একটি অজগর একটি বড় আকারের মায়াহরিণকে ধরে আস্তে আস্তে গিলে ফেলছে। প্রায় দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে অজগরটি হরিণটি পুরোপুরি গিলে ফেলে। অজগরটি গতকাল বিকেল পর্যন্ত চাউতলীর ঘটনাস্থলেই অবস্থান করছিল।