অজানা ভয় তাড়িয়ে বেড়ায় তাঁকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে তাঁকে উদ্ধার করবে অজানা শঙ্কা থেকে? ২০০৬ সালে  রাজধানীর শান্তিনগরের একতলা একটি বাড়িতে থাকতেন এই স্থপতি। ফাইল ছবি
কে তাঁকে উদ্ধার করবে অজানা শঙ্কা থেকে? ২০০৬ সালে রাজধানীর শান্তিনগরের একতলা একটি বাড়িতে থাকতেন এই স্থপতি। ফাইল ছবি

ঢাকা মহানগরীর শান্তিনগরের এক গলিতে চারপাশে বহুতল আবাসিক ভবনের ভিড়ে শতবর্ষী বুড়োর মতো জবুথবু দাঁড়িয়ে আছে একটি একতলা বাড়ি। বিষণ্ন, একলা, জগত্সংসারের সবকিছু থেকে বিচ্ছিন্ন বাড়িটির ততোধিক বিচ্ছিন্ন-নিঃসঙ্গ বাসিন্দাকে দেখতে গিয়েছিলাম গত শনিবার সন্ধ্যায়। আমরা নিশ্চিত ছিলাম না যে, তার দেখা মিলবে। শুনেছি, তার সঙ্গে দেখা করা যায় না, তিনি কারো সঙ্গে কথা বলেন না, ঘর থেকে বের হন না। ঘরের জানালা খোলেন না, আলো জ্বালেন না, রাত-দিন মশারির মধ্যে বাস করেন।
আমাদের মন খারাপ হয়, সেই সঙ্গে কৌতূহলও জাগে। তাকে দেখার ইচ্ছা হয়। মনে হয় তার মুখে যদি দুটো কথা শোনা যেত! কারণ তিনি ১৪ কোটি বাংলাদেশী নাগরিকের মধ্যে অনন্য একজন—স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ঢাকা থেকে ৩২ কিলোমিটার দূরে সাভারে বাঙালির সিকি শতকের সাধনা-সংগ্রামের স্মৃতি নিয়ে গর্বভরে দাঁড়িয়ে আছে যে জাতীয় স্মৃতিসৌধ, তা আর কারোর নয়, এই ৫৫ বছর বয়স্ক শিল্পীর মহান কীর্তি।
স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন আর নেইস্থপতি সৈয়দ মাইনুল হোসেনের কাছে আমাদের নিয়ে যান তার ছেলেবেলার বন্ধু, বুয়েটের সহপাঠী ও কক্ষসাথী স্থপতি বদরুল হায়দার। কিন্তু তিনি যে তার বাড়িতে আমাদের ঢুকতে দেবেন, কথা বলবেন—এমন নিশ্চয়তা ছিল না। তাই আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখে বদরুল হায়দার আগে বাড়ির ভেতরে ঢোকেন। উদ্দেশ্য—বলে-কয়ে তাকে রাজি করানো। বেশ কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে আমাদের ডাকেন। আমরা ভেতরে ঢুকি। স্থপতি মাইনুল হোসেন তার ঘর থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়ান। ঘরের ভেতরে অন্ধকার। ওদিকে উঁকি মেরে কিছু দেখার চেষ্টা বৃথা। বারান্দায় টিমটিম করে একটি বাল্ব জ্বলছে। বাড়িজুড়ে একটা টুল, মোড়া বা চেয়ার নেই। আমরা বারান্দার মেঝেতেই বসে পড়ি, তিনি বসেন দরজার চৌকাঠে। আমাদের আলোকচিত্রী উশখুশ করে। চোখের ইশারায় তাকে আপাতত নিরস্ত করা হয়। বদরুল হায়দার আমাদের পরিচয় করিয়ে স্থপতির সঙ্গে আলাপ জমাবার সুযোগ দিয়ে কিছুক্ষণের জন্য বেরিয়ে যান। চেয়ে দেখি, স্থপতির চোখে-মুখে দিন-রাত অন্ধকারে বাস করার মলিনতা। জিজ্ঞেস করি, ‘আপনি কেমন আছেন?’
নির্বিকার উত্তর, ‘ভালো।’
‘কিভাবে সময় কাটে?’
‘শুয়ে-বসে থাকি, ঘুমাই।’
‘কাজ করেন না?’
‘না।’
‘কোথাও যান না?’
‘না।’
‘কেন?’
তিনি কিছু বলেন না। বলি, ‘ঘর থেকে বের হন না কেন?’ কিছুক্ষণ নীরব থাকার পর তিনি কী এক ‘আড়ালের’ নিষেধের কথা বলেন, হুমকির কথা বলেন। বলেন, তার সবকিছুতেই বাধা। তার কথা-বার্তার অসংলগ্নতা স্পষ্ট হয়ে ওঠে। তাকে বিব্রত না করে প্রসঙ্গ পাল্টাই, জাতীয় স্মৃতিসৌধের কথা তুলি। স্তম্ভটির আকার অমন কেন? কী অর্থ তার?
চমত্কার ব্যাখ্যা দিলেন, ‘চারদিকে প্রচণ্ড চাপ। সেই চাপে কিছু একটা উঠে যাচ্ছে।’
‘জাতীয় স্মৃতিসৌধে সাতটা খাঁজ আছে। ওগুলোর মানে কী?’ আমাদের জিজ্ঞাসা।
স্থপতি বলেন, ‘বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত সাতটা বড় বড় আন্দোলন হয়েছিল। সবচেয়ে নিচের খাঁজটা বায়ান্ন, সবচেয়ে উঁচুটা একাত্তর...।’
কথায় কথায় তিনি বলেন, স্মৃতিসৌধ নির্মাণের পর কারা যেন বেনামি চিঠি দিয়ে তাকে খুন করতে চেয়েছিল। তারপর পত্রিকায় ইচ্ছা করে তার নাম ভুল লেখা হয়েছিল। নকশার সম্মানী বাবদ ২ লাখ টাকা পাওয়ার কথা ছিল, তার আয়কর ধরা হয়েছিল ৫০ শতাংশ, মানে ১ লাখ। পরে রাজস্ব বোর্ডের কমিশনার ধরে-টরে ২০ হাজার টাকা আয়কর দিয়েছিলেন।
এক সময় জিগ্যেস করি, ‘স্মৃতিসৌধে যান না কত দিন?’ তিনি বলেন, বছর পাঁচেক আগে একটা টিভি চ্যানেলের লোকজন নিয়ে গিয়েছিল। বলি, ‘আমরা আমরা আপনাকে নিয়ে যাব। যাবেন?’ তিনি না-সূচক মাথা নাড়েন। অজানা ভয়ের কথা বলেন, আড়ালের নিষেধের কথা বলেন। আমরা তাকে অভয় দিই, আশ্বস্ত করি। স্মৃতিসৌধের চারপাশে নিসর্গের লোভ দেখাই, ‘আপনি তো শিল্পী। আপনি কেন ঘরের জানালা বন্ধ করে নিজেকে অন্ধকারে বন্দি করে রাখবেন?’ আমরা তার অনেক প্রশংসা করি। বলি, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হিসেবে তিনি অমর হয়ে থাকবেন। ‘কিসের ভয় আপনার? কোনো ভয় নেই। আমরা আপনাকে দেখব। চলেন, সাভার যাই। দেখবেন, আপনার খুব ভালো লাগবে।’
তিনি হঠাত্ ছোট্ট করে বলে ওঠেন, ‘আচ্ছা!’
‘আমাদের গাড়ি আছে, পরশু সকালে এসে আপনাকে নিয়ে যাব।’
‘আচ্ছা।’
এই সুযোগে আমাদের আলোকচিত্রী ছবি তুলতে শুরু করেন। তিনি আর বাধা দেন না, অন্ধকার ঘরে ঢুকে আমাদের মুখের ওপর দরজা বন্ধ করেন না।
সোমবার আমরা তাকে সাভার জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাই। ঝলমলে রোদে চারপাশের সবুজ গাছপালা, বসন্তের বাতাস আর নিজের সৃষ্টির দিকে চেয়ে তার ক্লিষ্ট চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমরা ঘুরে বেড়াই, ছবি তুলি। ধীরে ধীরে তার নীরবতা কাটতে থাকে। তিনি কথা বলতে আরম্ভ করেন। অনেক কথা বলেন। একবার বলেন, ‘পাঁচতলার বেশি বিল্ডিং তৈরি করার মতো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কোনো বাঙালির নাই। কিন্তু সে যদি পঁয়ত্রিশ তলা বিল্ডিং বানায়, দেড়শ ফুট উঁচু মনুমেন্ট তৈরি করে, তাকে শাস্তি পেতে হবে। সেই শাস্তি হচ্ছে...।’
আমরা নীরবতা পালন করি। একটু পর তিনি স্মৃতিসৌধের দিকে তাকিয়ে বলেন, ‘এটার আয়ু কম হবে। খুব তাড়াহুড়া করে কন্সট্রাকশান শেষ করা হয়েছিল...।’ তারপর বলেন, ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর প্রেসিডেন্ট এরশাদ যখন জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন, সে অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়নি। রাষ্ট্রীয় ভিআইপিরা চলে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে জনতার কাতারে দাঁড়িয়ে দেখেছিলেন।
স্মৃতিসৌধের সামনে কোমর-সমান উঁচু সিরামিক ইটের লাল দেয়ালের একটা চৌকোণ জায়গার রঙ একটু আলাদা। সেদিকে আঙুল তুলে তিনি বললেন, ওখানে মার্বেলের একটা ফলক ছিল। তাতে এরশাদের নাম লেখা ছিল।
আমরা অনেক খুঁজে স্মৃতিসৌধের চত্বরে কোথাও স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নাম দেখতে পেলাম না।
স্থপতি বদরুল হায়দার বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধের নকশা আহ্বান করা হয়েছিল ১৯৭৮ কি ’৭৯ সালে। প্রথমবার কারোর নকশাই গৃহীত হয়নি। মাইনুলেরটাও নয়। দ্বিতীয়বার অনেকগুলো নকশা জমা পড়েছিল। আমরা সবাই মাইনুলেরটা দেখেই বুঝতে পেরেছিলাম, ওটাই গৃহীত হবে। তা-ই হয়েছিল।’
স্থপতি সৈয়দ মাইনুল হোসেন কবি গোলাম মোস্তফার দৌহিত্র। শান্তিনগরের যে বাড়িটিতে তিনি এখন নিভৃতে বাস করেন, সেটি কবি গোলাম মোস্তফার। স্থপতি বিয়ে করেছিলেন, তার দুটি মেয়ে আছে। কিন্তু তার সঙ্গে বসবাস করা সম্ভব হয়নি তার স্ত্রীর। ১৫ বছর আগে বিবাহ-বিচ্ছেদ ঘটেছে। মেয়ে দুটি বড় হয়েছে, ভিখারুননিসা নূন স্কুলে পড়ে। বাবা তার মেয়েদের দেখতে পান না।
বদরুল হায়দার বলেন, মাইনুল মানসিকভাবে অসুস্থ। কবি-স্থপতি রবিউল হুসাইনও সে কথাই বললেন। টেলিফোনে আলাপকালে তিনি বলেন, ‘মাইনুল খুব প্রতিভাবান স্থপতি ছিল। কিন্তু তার মানসিক সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে সেটা প্রকট হয়। একটা সময় তার অবস্থা এমন দাঁড়ায়, কোনো সুন্দর স্থাপত্যকর্ম দেখলেই সে মনে করত এটা তার আইডিয়া, কেউ তা চুরি করেছে...। ওর ভালো চিকিত্সার দরকার ছিল। কিন্তু সেটা হয়নি।’
স্থপতি মাইনুল হোসেনের কথা-বার্তা ও জীবনযাপনের বিবরণ শুনে মনোচিকিত্সক মোহিত কামাল মন্তব্য করেন, তিনি সম্ভবত দু ধরনের ডিল্যুশনে ভুগছেন। একটা ডিল্যুশন অব পারসিকিউশন, অন্যটা ডিল্যুশন অব রেফারেন্স। প্রথমটার কারণে তিনি অজানা ভয়, শাস্তি এসবের কথা বলেন। দ্বিতীয়টার কারণে ভালো কোনো স্থাপত্যকর্ম দেখলেই তার মনে হয়, ওটা তারই আইডিয়া ছিল, কেউ চুরি করেছে। এ ধরনের পরিস্থিতিতে মানুষ নিজেকে সমাজ থেকে গুটিয়ে নিতে পারে (সোশ্যাল উইথড্রয়্যাল)। স্থপতি মাইনুল হোসেনের ক্ষেত্রে এটা ঘটেছে বলে ডা. মোহিত কামাল অনুমান করেন। তিনি বলেন, যথাযথ চিকিত্সা ও শুশ্রূষায় তাকে অবশ্যই সুস্থ করে তোলা সম্ভব। তিনি বললেন, তার চিকিত্সার দায়িত্ব নেওয়া উচিত রাষ্ট্রের।
বদরুল হায়দার বললেন, ‘মাইনুল তো জাতীয় সম্পদ। রাষ্ট্রের উচিত, তার চিকিত্সার ব্যবস্থা করা।’
রাস্তার দুপাশে সবুজ গাছপালা, মাঠ, মাঠ ছাড়িয়ে দিগন্তের কাছে গ্রামের রেখা দেখতে দেখতে আমরা সাভার থেকে ঢাকার দিকে ফিরি। আঁধারবাসী মাইনুল হোসেনের দুই চোখ ততক্ষণে রোদ-ঝলমলে দিনের আলোর তীব্রতা সইবার ক্ষমতা ফিরে পেয়েছে। তিনি উত্সুক বালকের মতো গাড়ির জানালা দিয়ে বাইরের সবকিছু দেখছিলেন। টুকটাক কথা চলে। কথায় কথায় তাকে বলি, ‘এভাবেই কাটাবেন? কাজকর্ম করবেন না?’
তিনি বলেন, ‘সামনের জুলাই থেকে। তখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা...।’
তার চোখের দিকে তাকাই, কিন্তু সে চাহনি দেখে ঠাহর করা কঠিন, কোন অলীক স্বপ্নের জগতে তিনি আছেন। তবে দুঃস্বপ্ন নয়, পরিপূর্ণ নিরাশা নয়; টোট্যাল উইথড্রয়্যাল নয়। এখনো আশার তলানি আছে। বললেন, তিনি কাজে ফিরে যাবেন, স্ত্রী ও দুই কন্যার সঙ্গে আবার দেখা হবে, তারা আবার একসঙ্গে থাকবেন।
কিন্তু ওই ‘আড়ালের নিষেধাজ্ঞা’র কী হবে! কে তাকে উদ্ধার করবে সব অজানা, অব্যাখ্যাত শঙ্কা ও ভয় থেকে?

(জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেনকে নিয়ে এই লেখাটি প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয় ১০ মার্চ, ২০০৬।)