খাগড়াছড়ির দীঘিনালার মেরুং উচ্চবিদ্যালয়ের আরও চার ছাত্রী অজানা রোগে অসুস্থ হয়েছে। এ পরিস্থিতিতে তিন দিনের জন্য বিদ্যালয়ে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোকেয়া আক্তার, অষ্টম শ্রেণির মনোয়ারা আক্তার, নবম শ্রেণির রুমা আক্তার এবং দশম শ্রেণির সাদিয়া আক্তার অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ে উপস্থিত চিকিৎসক দল তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা দেয়।
এর আগে অজানা রোগে ওই বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী অসুস্থ হয়।
গত শনিবার উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। গতকাল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বিদ্যালয় তিন দিনের বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা ভয় পাওয়ায় মাঠে শামিয়ানা টানিয়ে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। অন্যদিকে অসুস্থ হওয়ার ঘটনার পর আদিবাসী শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে।
চংড়াছড়ির এলাকার কালাধন চাকমা বলেন, ‘এই বিদ্যালয়ে আমার দুই ছেলে ও এক মেয়ে পড়াশোনা করে। অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার ভয়ে আমার কোনো ছেলেমেয়ে শনিবার বিদ্যালয়ে যায়নি। তারা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে।’
চিকিৎসক দলের প্রধান সোলেমান রাজন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি মনস্তাত্ত্বিক রোগ। আমরা বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব।’
ইউএনও ফজলুল জাহিদ পাভেল জানান, চিকিৎসক দল বিদ্যালয়ে এক সপ্তাহ উপস্থিত থেকে পর্যবেক্ষণ করবে।