অজানা রোগে আক্রান্ত মা ও দুই ছেলের নমুনা সংগ্রহ
অজানা রোগে ধুঁকে ধুঁকে শেষ হতে চলা নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের মা ও দুই ছেলের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের কাছ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।
নাটোর জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন আজিজুল ইসলামের নির্দেশে লালমনিপুর গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলেকে অ্যাম্বুলেন্সে করে নাটোর সদর হাসপাতালের নিয়ে আসা হয়। পরে সিভিল সার্জনের নেতৃত্বে তাৎক্ষণিক তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য দুই সদস্য হলেন সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মো. আনিসুজ্জামান ও চক্ষুবিশেষজ্ঞ সালমিন সাত্তার। বোর্ডের সদস্যরা অসুস্থ মা ও তাঁর দুই ছেলের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে নানা ধরনের পরীক্ষার জন্য শরীর থেকে নমুনা সংগ্রহ করেন। এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ তাঁদের সহযোগিতা করেন।
বোর্ডের সদস্য মো. আনিসুজ্জামান জানান, আগামী শনিবার পরীক্ষার ফলাফল জানা যাবে। রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা শুরু হবে। অন্যথায় আরও পরীক্ষা করা হবে। প্রয়োজন পড়লে নাটোরের বাইরে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষার পর অসুস্থ মা ও দুই ছেলেকে আবারও অ্যাম্বুলেন্স করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শনিবার তাঁদের আবারও হাসপাতালে আনা হবে।
এদিকে প্রথম আলোতে গতকাল ‘ধুঁকে ধুঁকে শেষ হচ্ছে মা ও দুই ছেলে’ শিরোনামে খবর প্রকাশের পর দেশ–বিদেশের অনেকেই প্রথম আলো অফিসের মাধ্যমে তাঁদের খোঁজখবর নিয়েছেন। ইতিমধ্যে আবুধাবি ও ঢাকা থেকে দুজন ওই পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।