ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। নবীন রবীন্দ্রসংগীত শিল্পীদের পদচারণে মুখর নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) প্রাঙ্গণ। একে একে নিজেদের প্রমাণ দিচ্ছেন তাঁরা বিচারকের সামনে। ৩ এপ্রিল শিল্পী অজিত রায় স্মরণে আয়োজিত রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার চিত্র এটি। এ প্রতিযোগিতার আয়োজন করে অভ্যুদয় সংগীত অঙ্গন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ওস্তাদ মিহির নন্দী। এতে বিচারক হিসেবে ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ ও এ টি এম জাহাঙ্গীর। দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেন ২৪ জন প্রতিযোগী। প্রত্যেক প্রতিযোগী দুটি করে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। তাঁদের গাওয়া গান নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসেন বিচারকেরা। অবশেষে বিকেল পাঁচটায় ঘোষিত হয় সেরাদের নাম। ‘আমি কান পেতে রই’ ও ‘আমার মাথা নত করে দাও’ এ দুটি গান পরিবেশন করে সেরা হন রবীন্দ্রনাথ রায়। বিচারকদের রায়ে ‘অনন্য মান’ অর্জন করেন তিনি। এ ছাড়া ‘উত্তম মান’ পেয়েছেন সমাপ্তি বড়ুয়া ও রাইসা হাসিন চৌধুরী।
প্রতিযোগিতার বিচারক মহাদেব ঘোষ প্রথম আলোকে বলেন, ‘যঁারা আজ গাইলেন, তাঁদের দেখেই বোঝা যায় চট্টগ্রামে রবীন্দ্রচর্চা আগের চেয়ে অনেক বেড়েছে।’
প্রতিযোগিতা প্রসঙ্গে অভ্যুদয় সংগীত অঙ্গনের সহসভাপতি শ্রেয়সী রায় বলেন, ‘শুদ্ধ রবীন্দ্রসংগীতের প্রসারের উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন।’ শিল্পী অজিত রায় স্মরণে এ প্রতিযোগিতা প্রতিবছর আয়োজনের কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুমন বসাক। প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীরা ১৮ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে অভ্যুদয় সংগীত অঙ্গনের বার্ষিক আয়োজনে গান পরিবেশন করবেন। সেদিনই তাঁদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।