অজেয় নারীদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে অতিথিদের সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে বাধা পেরোনো সফল নারীরা (বাঁ থেকে) সাদিয়া আফরিন মল্লিক, ওয়াহিদা বানু, সমাপ্তী রায়, সালমা আলী, হামিদা হোসেন, রওনক জাহান, ঘোড়সওয়ার তাসমিনা আক্তার, ঘোড়সওয়ার প্রামাণ্যচিত্র নির্মাতা তানহা জাফরীন, তিরন্দাজ বন্যা, লাঠিয়াল রুপন্তী চৌধুরী, তিরন্দাজ হীরা, সালমা খান, মালেকা বেগম ও অদিতি মহসিন l ছবি: প্রথম আলো
মঞ্চে অতিথিদের সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে বাধা পেরোনো সফল নারীরা (বাঁ থেকে) সাদিয়া আফরিন মল্লিক, ওয়াহিদা বানু, সমাপ্তী রায়, সালমা আলী, হামিদা হোসেন, রওনক জাহান, ঘোড়সওয়ার তাসমিনা আক্তার, ঘোড়সওয়ার প্রামাণ্যচিত্র নির্মাতা তানহা জাফরীন, তিরন্দাজ বন্যা, লাঠিয়াল রুপন্তী চৌধুরী, তিরন্দাজ হীরা, সালমা খান, মালেকা বেগম ও অদিতি মহসিন l ছবি: প্রথম আলো

লাঠিয়াল, তিরন্দাজ, ঘোড়সওয়ার—শব্দগুলো শুনলেই চোখের সামনে পুরুষের চেহারা ভেসে ওঠে। তবে রাজধানীর ছায়ানট মিলনায়তনে গতকাল এসব পরিচয় নিয়ে যাঁরা মঞ্চে উঠলেন, তাঁরা সবাই নারী। সবাই অজেয়। তাঁদের গল্পটা বিজয়ের, থেমে না থাকার।
এমন কিছু অজেয় উজ্জ্বল মুখ গতকাল মঙ্গলবার আলো করে রেখেছিল ধানমন্ডির ছায়ানট ভবনের সুপরিসর মিলনায়তন। ‘পরিবর্তন আনব, দৃঢ় থাকব’ শিরোনামের এই আয়োজনে নারীরা শোনালেন তাঁদের বিজয়ের গল্প, জীবনযুদ্ধে জয়ী হওয়ার কথা। বাধাবিপত্তি পেরিয়ে এই নারীরা এগিয়ে গেছেন তাঁদের গন্তব্যের দিকে।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে এসেছিলেন নানা শ্রেণি-পেশার সফল নারীরাও। তারুণ্যের বিজয়ের কথা শুনে কখনো অতিথিরা হেসেছেন, কখনো আপ্লুত হয়েছেন। হাসি-কান্না-আড্ডায় সফলতার গল্প শুনেছেন তাঁরা। মিলনায়তনের ভেতরে ঢোকার আগেই অতিথিরা ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানে আসা বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে আসা বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা বললেন, নারী-পুরুষকে একসঙ্গে চলতে হবে। যার যা প্রতিভা, সেটা বিকশিত হতে দিতে একে অপরকে সহযোগিতা করতে হবে। দুজনে সমান না হলে কেউই টিকে থাকতে পারবে না। কোনো উন্নয়নও স্থিতিশীল হবে না।
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে তরুণ শিল্পী অবন্তী সিঁথি খালি গলায় ও শিস দিয়ে শোনান ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি। তাঁর গাওয়া ‘আমরা করব জয়’ গানটির সঙ্গে কণ্ঠ মেলালেন সবাই। অবন্তীর গানের সঙ্গে বাদ্যযন্ত্র হিসেবে ছিল কয়েকটি কাপ। এরপর এলইডি পর্দায় দেখা গেল কুষ্টিয়ার মেয়ে রুপন্তী চৌধুরীর লাঠিখেলার ভিডিও চিত্র। পারিবারিক সূত্র ধরে তিনি সাত বছর বয়সে হাতে তুলে নেন লাঠি। লাঠিখেলা দিয়ে ক্রিকেটের মতো বিশ্ব জয় করতে চান রুপন্তী। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পারভীন মাহমুদ।
ঢাকায় আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় স্বর্ণজয়ী হীরা ও রৌপ্যজয়ী বন্যার গল্পটা তির-ধনুকের। তাঁরা তিরন্দাজ। বাবা-মা আস্থা রেখেছিলেন, বাইরে পাঠিয়েছেন। সেই আস্থার মর্যাদা দিতে তাঁরা এগিয়ে যেতে চান আন্তর্জাতিকভাবে।
নওগাঁর এক নিভৃত গ্রামের বালিকা ঘোড়সওয়ার তাসমিনাকে নিয়ে গত বছর প্রথম আলোর পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সার্বিক তত্ত্বাবধানে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন তানহা জাফরীন। এটি যখন মঞ্চে বড় পর্দায় দেখানো হয়, তখন মিলনায়তনে পিনপতন নীরবতা। তাসমিনা মঞ্চে এলে করতালির বৃষ্টি ঝরতে থাকে। আনিসুল হকের সঙ্গে কথোপকথনে তাসমিনা বলেন, প্রথম আলোর পক্ষ থেকে বড়সড় একটি ঘোড়া কিনে দেওয়া হয়েছে। পছন্দের ঘোড়া পেয়ে তাসমিনা ভীষণ খুশি। এখন সে সব খেলায় জিতবেই। তাসমিনা তার ঘোড়ার নাম রেখেছে ‘প্রথম আলো’।
এই মেয়েদের হাতে ফুল তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। লাঠিয়াল, তিরন্দাজ, বালিকা ঘোড়সওয়ারসহ অন্যদের দেখে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বোনেরা কী না করতে পারে। সুযোগ পেলে যে আমাদের মেয়েরাও পারে, সেটি এই অনুষ্ঠানে প্রথম আলো দেখিয়ে দিয়েছে।’
অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে আসেন হামিদা হোসেন, রওনক জাহান, সালমা খান, সালমা আলী, ওয়াহিদা বানু, মালেকা বেগম, সাদিয়া আফরিন মল্লিক ও অদিতি মহসিন। তাঁদের পাশে রেখেই দৃষ্টিপ্রতিবন্ধী সমাপ্তী রায় খালি গলায় শোনান ‘তোরা যে যা বলিস ভাই...’ গানের অংশবিশেষ। বান্দরবানের অং মাখাই চাক শোনালেন আলোকচিত্রী হিসেবে তাঁর প্রতিষ্ঠা পাওয়ার গল্প। সাদিয়া আফরিন মল্লিক ব্রতচারী সংগীত ‘মানুষ হ, মানুষ হ...’ এবং অদিতি মহসিন ‘আমি তোমারি মাটির কন্যা’ গানের কয়েকটি লাইন গেয়ে শোনান। পরে মঞ্চে আসেন জাতীয় অধ্যাপক শাহলা খাতুনসহ বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ। প্রতিষ্ঠিত নারীদের শুভেচ্ছা বক্তব্য অনুপ্রাণিত করে সমাগতদের।
অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অ্যাসিডদগ্ধ দুই নারী গাজীপুরের কাপাসিয়ার মারজিয়া আকতার ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মোসাম্মত শামীমার জীবনযুদ্ধে জয়ের কথা শোনান। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের শিক্ষাবৃত্তি পেয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইনিং বিভাগ থেকে শামীমা স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। মারজিয়া এইচএসসি বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হয়ে গাজীপুরের কাপাসিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেছেন। মতিউর রহমান বলেন, ২০০০ সালের ১৯ এপ্রিল প্রথম আলোর কর্মীদের এক দিনের বেতন মাত্র ৩২ হাজার টাকা দিয়ে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল গঠিত হয়। দিনে দিনে এই তহবিল বড় হতে থাকে। প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিল অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারীদের চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দিয়ে চলেছে। সব মিলিয়ে এযাবৎ ৪৫০ জন নারী প্রথম আলো সহায়ক তহবিলের সহায়তা পেয়েছেন।
অনুষ্ঠানের শেষে গান গেয়ে শোনায় জলের গান। তাদের পরিবেশনায় এদিন নেতৃত্ব দেন বেহালাবাদক নারী সদস্য শিউলী ভট্টাচার্য। ‘এমন যদি হতো’ গানটি শুরু করেন অবন্তী সিঁথি। জলের গান শোনায় বেশ কয়েকটি গান। তাঁদের সবার গানের মধ্য দিয়েই শেষ হয় প্রথম আলোর নারী দিবসের অনুষ্ঠান।
মঞ্চে আলোভরা মুখগুলোর সাফল্যের গল্প আর জলের গানের গান শুনে মুগ্ধতা নিয়ে মিলনায়তন থেকে বেরিয়ে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, প্রতিদিনের প্রতিমুহূর্তে নারী যে কৃতিত্বের ছাপ রাখছে, তাতে প্রতিটি দিনকেই কি ‘নারী দিবস’ হিসেবে চিহ্নিত করা যথাযথ নয়?