অজ্ঞতায় চর্মরোগের ভুল চিকিৎসা হচ্ছে

চিকিৎসক মোফাজ্জল হোসেন মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র। বয়স ৬৫ বছর। এ পর্যন্ত তাঁর শরীরে পাঁচটি অস্ত্রোপচার হয়েছে। নানান অসুখ বাসা বেঁধেছে শরীরে।
আট বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তাতে কোনো সমস্যা নেই। শেখার কোনো বয়স নেই—কথাটিকে সত্য করেছেন মোফাজ্জল হোসেন। তিনি ছয় মাসব্যাপী ডার্মাটোলজি অনলাইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। এখন তিনি চর্মরোগ সম্পর্কে অনেক কিছুই জানেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের হাত থেকে মোফাজ্জল হোসেন তাঁর সনদ নেন। শুধু মোফাজ্জল হোসেন নন, সনদ নিতে আসা চিকিৎসক শফিক মো. জসিম উদ্দিনেরও চুল, দাড়ি পাকা। প্রবীণ এবং নবীন চিকিৎসকদের জন্য এ কোর্সের আয়োজন করে টেলিডার্মাটোলজি ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে ডার্মাটোলজি অনলাইন সার্টিফিকেট কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সরকারি অনুমোদন পেতে কিছুটা সময় লাগায় আজ তিনটি ব্যাচের শিক্ষার্থীদের সনদ এক সঙ্গে দেওয়া হয়। দেড় বছর আগে ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান, চর্মরোগের সঙ্গে প্রায় সাড়ে চার হাজার রোগের যোগসূত্র আছে বা এটি বিভিন্ন রোগের লক্ষণ জানান দেয়। তাই চর্মরোগকে অবহেলা করার সুযোগ নেই। তবে এমবিবিএস পাস করে চিকিৎসক হওয়ার পরও চিকিৎসকেরা এ বিষয় সম্পর্কে খুব বেশি জানতে পারছেন না। এমবিবিএস কোর্সে বিষয়টি পড়ানো হয় খুব কম। অথচ চিকিৎসকদের দৈনন্দিন প্র্যাকটিসের সময় প্রায় ৪০ ভাগ রোগীই আসে চর্মরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে। তাই অনেক ক্ষেত্রেই ভুল চিকিৎসা হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক বলেন, বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। অথচ বাংলাদেশি চিকিৎসকদের মান নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে দেশের চিকিৎসকেরা বেশি ব্যস্ত থাকেন বলে রোগীকে কাউন্সেলিং করতে পারেন না। রোগী ও তার স্বজনকে চিকিৎসা শুরুর আগেই ক্ষতিকারক বিভিন্ন দিক সম্পর্কে অবগত করতে হবে। দুই একটি কারণ ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর, অসন্তোষ হচ্ছে শুধু কাউন্সেলিং এর অভাবে। এ ছাড়া নার্সসহ অন্যান্য সংশ্লিষ্টদেরও দক্ষতা বাড়াতে হবে।
আনিসুল হক ডার্মাটোলজি অনলাইন সার্টিফিকেট কোর্স সম্পর্কে বলেন, এ ধরনের কোর্স ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য খুবই উপযোগী একটি কোর্স। সব রোগী দেশের চর্মরোগ বিশেষজ্ঞদের কাছ পর্যন্ত যেতে পারবে না। তাই প্রাথমিক পর্যায়েই বিশেষজ্ঞ পাওয়া গেলে রোগীরা বেশি উপকৃত হবে।
অনুষ্ঠানে চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম ইউ কবীর চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই সনদ গুরুত্বপূর্ণ সনদ। আর ফাউন্ডেশন একটি প্ল্যাটফর্মের মতো সবাইকে সহায়তা করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে টেলিডার্মাটোলজি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক অধ্যাপক মো. শহিদুল্লাহ কোর্স ও ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতে ঘরে বসেই তৃণমূলের মানুষকে সেবা দেওয়া যাবে সে ধরনের স্বপ্নের কথা জানালেন।
মেডরেক্স লাইফ সায়েন্স লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানে অধ্যাপক এম এ ওহাব, অধ্যাপক সামসুল হুদা, অধ্যাপক রেজা বিন জায়েদ, অধ্যাপক সৈয়দ আফজালুল করিম প্রমুখ আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে সনদপ্রাপ্তদের ফটোসেশন এবং সনদপ্রাপ্তদের মধ্যে র্যাফেল ড্রর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।