খাগড়াছড়ির দীঘিনালার মেরুং উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির চারজন ছাত্রী গতকাল বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চলতি মাসে একই শ্রেণির আরও কয়েকজন ছাত্রী অজ্ঞাত কারণে অসুস্থ হয়।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ত্রিলোক চাকমা বলেন, ‘কী কারণে এমন সমস্যা হয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে মনস্তাত্ত্বিক কোনো বিষয় হতে পারে। আমরা চিকিৎসক দল গঠন করেছি।’
গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মেরুং উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুইটি চাকমা, বনিতা ত্রিপুরা, গুনরিকা চাকমা ও মেরিনা চাকমাকে হাসপাতালে আনা হয়েছে। এ সময় তারা চিৎকার করে কাঁদছিল। তাদের হাত-পা কাঁপছিল।
মেরিনা চাকমার মা কল্পনা চাকমা বলেন, গত এক মাসে তাঁর মেয়ে তিনবার এভাবে অসুস্থ হয়েছে। অসুস্থ হলে হাত-পায়ে খিঁচুনি হয়। বমি বমি ভাব ও প্রচণ্ড মাথাব্যথা হয়। এ সময় চোখ বড় বড় দেখা যায়।
অসুস্থ বনিতা ত্রিপুরা বলল, এ সমস্যা হলে খুব ভয় লাগে।
মেরুং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, সমস্যাটি শুধু নবম শ্রেণির কক্ষে এবং ছাত্রীদের মধ্যে হচ্ছে। ২ সেপ্টেম্বর একজন, ১০ সেপ্টেম্বর তিনজন, ১৭ সেপ্টেম্বর একজন ও বৃহস্পতিবার চারজন শিক্ষার্থীর এই সমস্যা হয়। তিনি জানান, এই পরিস্থিতিতে শ্রেণিকক্ষটিতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।