অজ্ঞাত তরুণী ও গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে এক অজ্ঞাতপরিচয় (২৫) এবং মৌলভীবাজারের কুলাউড়া থেকে ফাতেমা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দিতে রাস্তার পাশে গতকাল সকালে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের দড়িতাজপুর গ্রাম থেকে গতকাল বিকেলে ফাতেমা বেগম নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম নজরুল মিয়া। পুলিশ জানায়, টিলাগাঁওয়ের লোহরাজপুর গ্রামের জোহর আলীর মেয়ে ফাতেমার সঙ্গে প্রায় তিন মাস আগে পাশের দড়িতাজপুরের নজরুলের বিয়ে হয়। গতকাল বেলা ১১টার দিকে ফাতেমা শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। ঘণ্টা খানেক পরও তাঁর সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভাঙে। তারা ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফাতেমার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। কুলাউড়া থানার ওসি হাসানুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নববধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।